Advertisement

এআই সারাংশেই মিলছে সংবাদ, সাইটে ক্লিক কমায় গুগলের বিরুদ্ধে অভিযোগ

এশিয়া পোস্ট ডেস্ক
এআই সারাংশেই মিলছে সংবাদ, সাইটে ক্লিক কমায় গুগলের বিরুদ্ধে অভিযোগ
গুগল এআই লোগো। ছবি: সংগৃহীত

গুগলের সার্চ রেজাল্টে যুক্ত হওয়া এআই-নির্ভর সারাংশের বিরুদ্ধে ফ্রান্সের প্রায় ৩০০ সংবাদপত্রের প্রতিনিধিত্বকারী একটি সংগঠন গুরুতর অভিযোগ এনেছে। গুগলের ‘এআই ওভারভিউ’ সংবাদমাধ্যমের নিউজ ও কনটেন্ট ব্যবহার করলেও পাঠকদের মূল প্রতিবেদনে ক্লিকের প্রবণতা কমিয়ে দিচ্ছে। এতে সংবাদমাধ্যমগুলোর ওয়েব ট্রাফিক ও বিজ্ঞাপন আয় ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে দাবি সংগঠনটির।

Advertisement

মঙ্গলবার (১১ আগস্ট) ফ্রান্সের প্রতিযোগিতা কর্তৃপক্ষের কাছে এ অভিযোগ করেছে ফরাসি সংবাদপত্রগুলোর সংগঠন এপিআইজি।

গুগলের ‘এআই ওভারভিউ’ সার্চ ফলাফলের ওপরে বিভিন্ন উৎস থেকে তথ্য সংগ্রহ করে ব্যবহারকারীর প্রশ্নের সংক্ষিপ্ত উত্তর তৈরি করে। ফ্রান্সে গত জুলাইয়ের শেষ দিকে এই ফিচারটি চালু হয়।

গুগল সার্চ ওভারভিউ। ছবি: সংগৃহীত
গুগল সার্চ ওভারভিউ। ছবি: সংগৃহীত

এপিআইজির বলছে, ব্যবহারকারীরা গুগলের এআই সারাংশেই প্রয়োজনীয় তথ্য পেয়ে গেলে সংশ্লিষ্ট সংবাদমাধ্যমের ওয়েবসাইটে গিয়ে পুরো প্রতিবেদন পড়তে চান না। ফলে সংবাদমাধ্যমের ওয়েবসাইটে পাঠকের প্রবেশ কমছে, অথচ তাদের তৈরি কনটেন্টই এআই সারাংশ তৈরিতে ব্যবহৃত হচ্ছে।

সংগঠনটির অভিযোগ, তারা প্রযুক্তিগত উদ্ভাবনের বিরোধিতা করছে না; বরং সংবাদমাধ্যমের তৈরি তথ্য ও কনটেন্টের অর্থনৈতিক মূল্য স্বীকার করে এর যথাযথ অংশীদারিত্ব ও ক্ষতিপূরণ নিশ্চিত করতে চায়।

এপিআইজির সভাপতি এবং ফরাসি সংবাদপত্র লে ফিগারো-এর ব্যবস্থাপনা পরিচালক মার্ক ফুইলি বলেন, তথ্যের ‘উল্লেখযোগ্য মূল্য’ রয়েছে। সংবাদপত্রগুলো উদ্ভাবন বন্ধ করতে চাইছে না, তারা কনটেন্ট ব্যবহারের মূল্য ভাগ করে নেওয়ার জন্য ক্ষতিপূরণ চায়।

অভিযোগের কেন্দ্রে রয়েছে ২০২২ সালে গুগল ও ফরাসি সংবাদমাধ্যমগুলোর মধ্যে হওয়া একটি সমঝোতা। এপিআইজির দাবি, নতুন এআই সারাংশ চালুর ক্ষেত্রে গুগল ওই সমঝোতার শর্ত মানেনি।

এর আগে ২০২৪ সালে চুক্তির কয়েকটি শর্ত না মানার অভিযোগে ফ্রান্সের প্রতিযোগিতা কর্তৃপক্ষ গুগলকে ২৫ কোটি ইউরো জরিমানা করেছিল। তবে গুগলের দাবি, এআই সারাংশ ব্যবহারকারীদের জটিল প্রশ্নের উত্তর খুঁজতে, নতুন কনটেন্ট আবিষ্কার করতে এবং প্রকাশকদের কনটেন্ট ব্যবস্থাপনায় সহায়তা করে।

এ বিরোধের পেছনে রয়েছে সংবাদমাধ্যমের দীর্ঘদিনের আয় সংকট। গত দুই দশকে বিজ্ঞাপনের বড় অংশ অনলাইনে চলে যাওয়ায় ঐতিহ্যবাহী সংবাদমাধ্যমগুলোর আয় কমেছে। একই সময়ে অনলাইন বিজ্ঞাপনের বড় অংশ গুগলসহ প্রযুক্তি কোম্পানিগুলোর হাতে চলে গেছে।

এদিকে ২০২৫ সালের ডিসেম্বর থেকে ইউরোপীয় ইউনিয়নও তদন্ত করছে, গুগল সংবাদমাধ্যম ও অন্যান্য প্রকাশকের অনলাইনে প্রকাশিত কনটেন্ট যথাযথ ক্ষতিপূরণ ছাড়া এআই সেবা তৈরি ও প্রশিক্ষণে ব্যবহার করে প্রতিযোগিতা আইন লঙ্ঘন করছে কি না।

গুগলের এআই সারাংশ নিয়ে ফ্রান্সের সংবাদমাধ্যমগুলোর অভিযোগ তাই কেবল কনটেন্ট ব্যবহারের অধিকার ও ক্ষতিপূরণের প্রশ্নে সীমাবদ্ধ থাকছে না। এটি সংবাদমাধ্যমের জন্য গুরুত্বপূর্ণ রেফারেল ট্রাফিক নিয়েও নতুন বিতর্ক তৈরি করেছে। পাঠক গুগলেই সংবাদের সারাংশ পড়ে মূল প্রতিবেদনে ক্লিক না করলে ওয়েবসাইটের ট্রাফিক, এসইও পারফরম্যান্স এবং বিজ্ঞাপন আয়ে তার প্রভাব পড়তে পারে।