logo

প্যারিসে শুরু হলো ভিভা টেক প্রযুক্তি ও উদ্ভাবনের বৈশ্বিক মিলনমেলা

প্যারিসে শুরু হলো ভিভা টেক প্রযুক্তি ও উদ্ভাবনের বৈশ্বিক মিলনমেলা
ছবি: সংগৃহীত

ফ্রান্সের রাজধানী প্যারিসে শুরু হয়েছে বিশ্বের অন্যতম বৃহৎ এবং ইউরোপের সর্ববৃহৎ স্টার্টআপ ও প্রযুক্তি সম্মেলন ভিভা টেক ২০২৬ প্রদর্শনী। বুধবার (১৭ জুন) শুরু হওয়া চার দিনের এই আন্তর্জাতিক আয়োজন প্রযুক্তি উদ্ভাবন, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), স্টার্টআপ বিনিয়োগ, জলবায়ু প্রযুক্তি, ডিজিটাল রূপান্তর এবং ভবিষ্যৎ অর্থনীতির নানা সম্ভাবনাকে কেন্দ্র করে বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।

বিশ্বের শতাধিক দেশ থেকে প্রযুক্তি উদ্যোক্তা, বিনিয়োগকারী, গবেষক, নীতিনির্ধারক এবং করপোরেট নেতারা এবারের আয়োজনে অংশ নিচ্ছেন। প্রযুক্তি খাতের নতুন প্রবণতা, উদ্ভাবনী সমাধান এবং বৈশ্বিক অর্থনীতিতে প্রযুক্তির ক্রমবর্ধমান প্রভাব নিয়ে আলোচনা হচ্ছে বিভিন্ন সেমিনার, প্রদর্শনী ও নেটওয়ার্কিং সেশনে।

এবারের ভিভা টেকের প্রধান আকর্ষণ কৃত্রিম বুদ্ধিমত্তা। জেনারেটিভ এআই, এআই-চালিত ব্যবসায়িক সমাধান, স্বাস্থ্যসেবা, শিক্ষা, সাইবার নিরাপত্তা এবং স্মার্ট সিটি ব্যবস্থাপনায় এআইয়ের ব্যবহার নিয়ে বিস্তৃত আলোচনা হচ্ছে।

বিশেষজ্ঞরা মনে করছেন, আগামী দশকে বিশ্ব অর্থনীতি ও কর্মসংস্থানের কাঠামো পরিবর্তনে কৃত্রিম বুদ্ধিমত্তা সবচেয়ে বড় ভূমিকা পালন করবে। ফলে সরকারি ও বেসরকারি খাতের প্রতিনিধিরা প্রযুক্তির নৈতিক ব্যবহার, ডেটা সুরক্ষা এবং নিয়ন্ত্রক কাঠামো নিয়েও মতবিনিময় করছেন।

ভিভা টেক দীর্ঘদিন ধরে নতুন উদ্যোক্তাদের জন্য আন্তর্জাতিক বিনিয়োগ ও ব্যবসায়িক সংযোগ তৈরির একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে পরিচিত। এবারের আয়োজনেও হাজারো স্টার্টআপ তাদের উদ্ভাবনী পণ্য ও সেবা প্রদর্শন করছে।

ফিনটেক, হেলথটেক, গ্রিনটেক, এগ্রিটেক, মোবিলিটি এবং ডিপ-টেক খাতের স্টার্টআপগুলো বিনিয়োগকারীদের দৃষ্টি আকর্ষণের জন্য বিভিন্ন প্রযুক্তিগত সমাধান তুলে ধরছে। অনেক স্টার্টআপ ইতোমধ্যে সম্ভাব্য বিনিয়োগ এবং আন্তর্জাতিক অংশীদারিত্বের বিষয়ে আলোচনা শুরু করেছে।

জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় প্রযুক্তির ভূমিকা এবারের ভিভা টেকের অন্যতম আলোচ্য বিষয়। নবায়নযোগ্য জ্বালানি, কার্বন নির্গমন হ্রাস, স্মার্ট এনার্জি ম্যানেজমেন্ট এবং পরিবেশবান্ধব প্রযুক্তি নিয়ে বিভিন্ন প্রতিষ্ঠান তাদের নতুন উদ্ভাবন উপস্থাপন করছে। বিশেষজ্ঞদের মতে, জলবায়ু সংকট মোকাবিলায় প্রযুক্তিনির্ভর সমাধান আগামী বছরগুলোতে বৈশ্বিক বিনিয়োগের অন্যতম প্রধান ক্ষেত্র হয়ে উঠবে।

প্রযুক্তি শিল্পের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান, যেমন- অ্যামাজন, মেটা, মাইক্রোসফট, নবদ্যা আলিবাবা সহ আন্তর্জাতিক বিনিয়োগ সংস্থা এবং উদ্ভাবনী কোম্পানিগুলো এই আয়োজনে অংশগ্রহণ করছে। বিভিন্ন সেশনে প্রযুক্তি খাতের ভবিষ্যৎ, ডিজিটাল অর্থনীতি, সাইবার নিরাপত্তা এবং এআইভিত্তিক ব্যবসায়িক রূপান্তর নিয়ে আলোচনা করছেন খাতসংশ্লিষ্ট নেতারা।

এবারের সম্মেলনে অ্যামাজন ও ব্লু অরিজিনের প্রতিষ্ঠাতা এবং প্রমিথিউসের প্রতিষ্ঠাতা ও সহ-সিইও জেফ বেজোস ১০ম ভিভাটেক আসরে অংশগ্রহণ করবেন। বৈশ্বিক প্রযুক্তি বিপ্লব ও নতুন মহাকাশ যুগের অন্যতম প্রতীকী ব্যক্তিত্ব হিসেবে জেফ বেজোস ভিভাটেক থিয়েটারের প্রধান মঞ্চে উদ্ভাবন, উদ্যোক্তা মনোভাব এবং মানবজাতির ভবিষ্যৎ সম্পর্কে তার দৃষ্টিভঙ্গি তুলে ধরবেন।

বৃহস্পতিবার (১৮ জুন) দ্বিতীয় দিনে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সম্মেলনে যোগদানের কথা রয়েছে। এছাড়া ইউরোপ, উত্তর আমেরিকা, এশিয়া এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের প্রতিনিধিরা প্রযুক্তি সহযোগিতা ও বিনিয়োগ সম্প্রসারণের সম্ভাবনা নিয়ে মতবিনিময় করছেন।

বাংলাদেশী ভিজিটররা মনে করেন, ভিভা টেকের মতো আন্তর্জাতিক প্ল্যাটফর্মে বাংলাদেশের স্টার্টআপ এবং প্রযুক্তি উদ্যোক্তাদের অংশগ্রহণ বৈশ্বিক বাজারে প্রবেশ, বিদেশি বিনিয়োগ আকর্ষণ এবং প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তথ্যপ্রযুক্তি খাতে বাংলাদেশের দ্রুত অগ্রগতি, ফ্রিল্যান্সিং, সফটওয়্যার রপ্তানি এবং উদীয়মান স্টার্টআপ ইকোসিস্টেমকে আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরার জন্য এমন আয়োজন কার্যকর ভূমিকা রাখতে পারে।

প্রযুক্তিনির্ভর ভবিষ্যৎ নির্মাণে উদ্ভাবন, বিনিয়োগ এবং আন্তর্জাতিক সহযোগিতার গুরুত্ব তুলে ধরছে ভিভা টেক ২০২৬। কৃত্রিম বুদ্ধিমত্তা থেকে শুরু করে জলবায়ু প্রযুক্তি পর্যন্ত নানা খাতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করছে এই আয়োজন।