logo

গুগল সার্চে ব্যক্তিগত তথ্য, জানুন কীভাবে সরাবেন

গুগল সার্চে ব্যক্তিগত তথ্য, জানুন কীভাবে সরাবেন
ছবি: পিওর এসইও

নিজের ফোন নম্বর, ইমেইল ঠিকানা কিংবা বাসার ঠিকানা গুগল সার্চে প্রকাশ্যে দেখা যাচ্ছে? এমন পরিস্থিতিতে ব্যক্তিগত নিরাপত্তার জন্য দুশ্চিন্তা হতেই পারে। তবে এ ধরনের তথ্য শনাক্ত করা এবং সার্চ ফলাফল থেকে সরানোর অনুরোধ জানানোর একটি উপায় আছে। গুগলেরই রেজাল্টস অ্যাবাউট ইউ (Results About You) সুবিধায় এ কাজটি সহজেই করে নিতে পারবেন।

সহজেই কিছু শর্ত পূরণ করে এর মাধ্যমে গুগল সার্চে ব্যক্তিগত তথ্য সরানোর অনুরোধ পাঠানো যায়।

এই সুবিধাটি কী কাজে লাগে

ইন্টারনেটের নানা ওয়েবসাইটে না চাইতেও কখনও কারও ব্যক্তিগত যোগাযোগের তথ্য ছড়িয়ে থাকতে পারে। রেজাল্টস অ্যাবাউট ইউ চালু করলে গুগল সার্চ ফলাফলে সেসব তথ্য সহজেই খুঁজে দেখা যায়। এরপর নির্দিষ্ট কিছু শর্ত মিললে সেই ফলাফল সরানোর অনুরোধও করা যায়।

সুবিধাটি আরও একটি কাজে আসে। এটি চালু করার পর ব্যক্তিগত তথ্যসহ নতুন কোনো সার্চ ফলাফল পেলে ব্যবহারকারী নোটিফিকেশনের মাধ্যমে তা জানতে পারেন।

সুবিধাটি যেভাবে চালু করবেন

সুবিধাটি খুলুন

অ্যান্ড্রয়েড ফোনে গুগল অ্যাপ খুলে ওপরের দিকের প্রোফাইল ছবিতে ট্যাপ করুন। সেখান থেকে রেজাল্টস অ্যাবাউট ইউ বেছে নিন। চাইলে মোবাইল বা কম্পিউটারের ব্রাউজার দিয়েও গুগলের এই পেজ পাওয়া যায়।

এরপর গেট স্টার্টেড (get started) নির্বাচন করে সেখানে নিজের নাম লিখুন। কেউ যদি অন্য কোনো নামে বা ডাকনামে পরিচিত হন, সেটিও যোগ করতে পারবেন। শেষে কনটিনিউ (continue) চাপুন।

যেসব তথ্য খুঁজতে চান সেগুলো যোগ করুন

এই ধাপে গুগল সার্চে আপনার কোন কোন তথ্য খুঁজে দেখা হবে তা ঠিক করতে হবে। এক বা একাধিক ফোন নম্বর, বাসার ঠিকানা ও ইমেইল ঠিকানাও এখানে যোগ করা যায়।

কিছু অঞ্চলে আরও ৩টি তথ্য পর্যবেক্ষণের জন্য যোগ করার সুযোগ আছে। যথা- সামাজিক নিরাপত্তা নম্বর, পাসপোর্ট নম্বর ও ড্রাইভিং লাইসেন্স নম্বর। এসব তথ্য যোগ করা শেষে আবার কনটিনিউয়ে চাপতে হবে।

নোটিফিকেশন চালু করে সংরক্ষণ করুন

সার্চে আপনার তথ্যের কোনো মিল পাওয়া গেলে কোথায় তা জানানো হবে, তা এই পর্যায় বেছে নিতে হয়। বর্তমানে দুটি মাধ্যম আছে- ইমেইল ও গুগল অ্যাপ।

সব তথ্য ঠিক আছে কি না যাচাই করুন এবং এরপর নিজের তথ্য ব্যবহারের অনুমোদন নিশ্চিত করুন। এরপর সেভ (save) চাপলেই পর্যবেক্ষণ শুরু হয়ে যায়।

এরডর গুগল সাধারণত প্রথমবারের স্ক্যান কয়েক ঘণ্টার মধ্যে শেষ করে ফেলে।

সার্চে তথ্য পাওয়া গেলে যা করবেন

ব্যক্তিগত তথ্যসহ কোনো ফলাফল পাওয়া গেলে রেজাল্টস অ্যাবাউট ইউ পেজের টু রিভিউ (to review) অংশে সেটি দেখা যাবে। কোন ওয়েবসাইটে, কোন ধরনের তথ্য পাওয়া গেছে, তা ভালোভাবে দেখুন। প্রয়োজন মনে হলে রিকোয়েস্ট টু রিমুভ (request to remove) বেছে নিয়ে গুগলের নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করুন। এতে ওই তথ্য সার্চ ফলাফল থেকে সরানোর অনুরোধ এমনিতেই চলে যাবে।


যে বিষয়গুলো মাথায় রাখা জরুরি

গুগল সার্চ থেকে একটি লিংক সরানো আর মূল ওয়েবসাইট বা সামাজিক যোগাযোগমাধ্যম থেকে তথ্য মুছে ফেলা এক বিষয় নয়। সার্চ থেকে লিংক সরে গেলেও মূল সাইটে তথ্যটি থেকে যেতে পারে।

তাই ফেসবুক, ইনস্টাগ্রামের মতো প্ল্যাটফর্মে ব্যক্তিগত তথ্য প্রকাশ পেলে সংশ্লিষ্ট প্ল্যাটফর্মের কাছেও আলাদা করে সরানোর অনুরোধ করতে হবে।

আরেকটি সীমাবদ্ধতাও আছে এক্ষেত্রে। সরকারি প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান, সংবাদমাধ্যম কিংবা জনস্বার্থসংশ্লিষ্ট কিছু ওয়েবসাইটের তথ্য সরানোর অনুরোধ গুগল নাও মঞ্জুর করতে পারে। গুরুত্বপূর্ণ ব্যক্তিগত তথ্য অনলাইনে প্রকাশ পেলে তাই গুগলের পাশাপাশি সংশ্লিষ্ট ওয়েবসাইটের কর্তৃপক্ষের কাছেও তথ্যটি সরানোর অনুরোধ জানানো উচিত।

সূত্র: প্রযুক্তি