গ্রাহকদের জন্য বিশেষ অফার ঘোষণা টেলিটকের

গ্রাহকদের জন্য বিশেষ ছাড়ের ঘোষণা দিয়েছে দেশের একমাত্র সরকারি মোবাইল অপারেটর টেলিটক। এখন থেকে টেলিটকের যেকোনো নতুন সিম কেনা কিংবা পুরোনো সিম রিপ্লেসমেন্ট (পুনরুদ্ধার) দুই ক্ষেত্রেই গ্রাহকদের খরচ হবে মাত্র ৫০ টাকা।
টেলিটকের চলমান সব জনপ্রিয় প্যাকেজ ‘স্বাধীন’, ‘আগামী’, ‘বর্ণমালা’, ‘অপরাজিতা’, ‘Gen-Z’ এবং ‘টেলিটক পেশাজীবী’ সিমে এই বিশেষ সুবিধা পাওয়া যাবে।
প্রতিষ্ঠানটির ঘোষিত অফার অনুযায়ী, নতুন সিম ক্রয় এবং পুরোনো সিম রিপ্লেসমেন্ট ফি উভয়ই পুনর্নির্ধারণ করে ৫০ টাকা করা হয়েছে। তবে অফারটি উপভোগ করতে গ্রাহকদের সরাসরি টেলিটকের নিজস্ব কাস্টমার কেয়ার কিংবা অনুমোদিত কাস্টমার পয়েন্টগুলোতে যোগাযোগ করতে হবে।
টেলিটক কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী ৩১ অক্টোবর ২০২৬ পর্যন্ত এই বিশেষ অফারটি বহাল থাকবে। সাশ্রয়ী মূল্যে টেলিটকের সংযোগ নিতে বা পুরোনো সিম পরিবর্তন করতে আগ্রহীরা নির্ধারিত সময়ের মধ্যে নিকটস্থ কাস্টমার কেয়ারে গিয়ে সেবাটি নিতে পারবেন।
