প্রতারণা ঠেকাতে হোয়াটসঅ্যাপের ৫ নিরাপত্তা সুবিধা

একসময় প্রতারণা মানেই ছিল ফোনকল, ভুয়া লটারি কিংবা রাস্তার ফাঁদ। এখন সেই প্রতারণা ঢুকে পড়েছে মোবাইলের স্ক্রিনে। একটি মেসেজ, একটি ভিডিও কল কিংবা একটি লিংক মুহূর্তেই কারও ব্যক্তিগত তথ্য হাতিয়ে নিতে পারে।
বিশেষ করে হোয়াটসঅ্যাপ এখন প্রতারকদের অন্যতম বড় লক্ষ্য হয়ে উঠেছে।
কখনো তারা ব্যাংক কর্মকর্তা সেজে কথা বলে, কখনও পরিচিত কারও নাম ব্যবহার করে জরুরি টাকা চায়। আবার কখনো ভুয়া ওয়ান টাইম পাসওয়ার্ড বা লিংকের মাধ্যমে অ্যাকাউন্ট নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করে।
এসব প্রতারণা এতটাই বিশ্বাসযোগ্যভাবে করা হয় যে অনেক মানুষ বুঝতেই পারেন না কখন তারা ফাঁদে পা দিচ্ছেন।
এই পরিস্থিতিতে ব্যবহারকারীদের সুরক্ষায় নতুন কিছু নিরাপত্তা ফিচার চালু করেছে হোয়াটসঅ্যাপ। এসব ফিচারের লক্ষ্য হলো সন্দেহজনক কার্যক্রম দ্রুত শনাক্ত করা এবং ব্যবহারকারীদের আরও সতর্ক করা।
সবচেয়ে গুরুত্বপূর্ণ ফিচারগুলোর একটি হলো সাইলেন্স আননোন কলারস।
এই ফিচার চালু থাকলে অপরিচিত নম্বর থেকে আসা কল স্বয়ংক্রিয়ভাবে নীরব হয়ে যাবে। অর্থাৎ ফোন বেজে বিরক্ত করবে না। তবে চাইলে পরে কল লিস্টে গিয়ে সেই নম্বর দেখা যাবে। এতে স্প্যাম বা প্রতারণামূলক কলের ঝামেলা অনেকটাই কমে।
আরেকটি গুরুত্বপূর্ণ ফিচার হলো কনটেক্সট কার্ড।
এটি কোনো অপরিচিত নম্বর বা গ্রুপ সম্পর্কে অতিরিক্ত তথ্য দেখায়। যেমন নম্বরটি নতুন কি না, বিদেশে রেজিস্টার করা কি না, কিংবা কোনো সাধারণ গ্রুপ আছে কি না। এসব তথ্য দেখে ব্যবহারকারী সিদ্ধান্ত নিতে পারেন তিনি উত্তর দেবেন, ব্লক করবেন নাকি রিপোর্ট করবেন।
ভিডিও কলের সময়ও এখন নতুন সতর্কতা যোগ করা হয়েছে।
অনেক প্রতারক স্ক্রিন শেয়ার করতে বলে ব্যক্তিগত তথ্য বা ব্যাংক সংক্রান্ত তথ্য চুরি করার চেষ্টা করে। তাই এখন অপরিচিত কারও সঙ্গে স্ক্রিন শেয়ার করতে গেলে হোয়াটসঅ্যাপ সতর্কবার্তা দেখাবে।
এ ছাড়া ডিভাইস লিংকিং সতর্কতাও যুক্ত করা হয়েছে।
কখনো কখনো প্রতারকরা কৌশলে কারও হোয়াটসঅ্যাপ অন্য ডিভাইসে যুক্ত করে নেয়। নতুন ফিচারটি সন্দেহজনক ডিভাইস সংযোগের চেষ্টা শনাক্ত করে ব্যবহারকারীকে সতর্ক করবে।
সবচেয়ে কার্যকর নিরাপত্তা ব্যবস্থাগুলোর একটি হলো টু স্টেপ ভেরিফিকেশন।
এটি চালু থাকলে অ্যাকাউন্টে প্রবেশ বা নতুন করে ভেরিফাই করতে ছয় সংখ্যার একটি পিন প্রয়োজন হবে। ফলে অন্য কেউ সহজে অ্যাকাউন্ট দখল করতে পারবে না।
বিশেষজ্ঞরা বলছেন, শুধু প্রযুক্তির ওপর নির্ভর করলেই হবে না। ব্যবহারকারীদেরও সচেতন হতে হবে।
অপরিচিত নম্বর থেকে আসা লিংকে ক্লিক না করা, ব্যক্তিগত তথ্য শেয়ার না করা এবং হঠাৎ জরুরি টাকা চাওয়া মেসেজে সতর্ক থাকা খুবই জরুরি।
কারণ ডিজিটাল দুনিয়ায় প্রতারকদের কৌশল প্রতিদিন বদলাচ্ছে। আর নিরাপদ থাকতে হলে প্রযুক্তির পাশাপাশি সচেতনতাও সমান গুরুত্বপূর্ণ।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া

