তিন মডেলের আইফোন ব্যবহারকারীরা পাবেন ৩০ হাজার কোটি টাকা

আইফোনে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ফিচারের সক্ষমতা নিয়ে বিভ্রান্তিকর বিজ্ঞাপন দেওয়ায় ক্ষতিপূরণ হিসেবে গ্রাহকদের ২৫ কোটি ডলার অর্থাৎ ৩০ হাজার কোটি টাকা দেওয়ার ঘোষণা দিয়েছে অ্যাপল। মার্কিন ভোক্তাদের পক্ষ থেকে আদালতে দায়ের করা মামলা নিষ্পত্তি করতে এই বড় অঙ্কের ক্ষতিপূরণ দিতে সম্মত হয়েছে প্রতিষ্ঠানটি।
মামলার অভিযোগে বলা হয়েছে, অ্যাপলের প্রচার করা বিজ্ঞাপনে ‘সিরি’র (কৃত্রিম বুদ্ধিমত্তা) একাধিক সক্ষমতা তুলে ধরা হলেও সেগুলোর বাস্তব অস্তিত্ব নেই। এর ফলে ক্রেতারা মিথ্যা বিজ্ঞাপনের ভিত্তিতে আইফোন কিনতে প্ররোচিত হয়েছেন।
ক্ষতিপূরণ পেতে যেভাবে আবেদন করবেন
নির্দিষ্ট কিছু মডেলের আইফোন ক্রেতারা ক্ষতিপূরণের জন্য আবেদন করতে পারবেন। আবেদন প্রক্রিয়াটি ২১ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে আগামী ২১ ডিসেম্বর পর্যন্ত চালু থাকবে। এই সময়ের মধ্যে ক্ষতিগ্রস্ত গ্রাহকেরা নির্দিষ্ট ওয়েবসাইটে (https://smartphoneaisettlement.com/) ক্ষতিপূরণের দাবি জানাতে পারবেন অথবা নিজেদের মামলা থেকে সরিয়ে নেওয়ার সুযোগ পাবেন।
কারা পাবেন
২০২৪ সালের ১০ জুন থেকে ২০২৫ সালের ২৯ মার্চের মধ্যে বিক্রি হওয়া আইফোন সিক্সটিন সিরিজ, আইফোন ফিফটিন প্রো এবং ফিফটিন প্রো ম্যাক্স কেনা গ্রাহকরা এই আওতায় অন্তর্ভুক্ত। ক্ষতিপূরণের যোগ্য হতে হলে গ্রাহককে আইফোনটির মূল বা প্রথম মালিক হতে হবে এবং ফোনটি ব্যক্তিগত ব্যবহারের জন্য কেনা হতে হবে। প্রতি ডিভাইসে ২৫ মার্কিন ডলার থেকে সর্বোচ্চ ৯৫ ডলার পর্যন্ত ক্ষতিপূরণ পেতে পারেন যোগ্য গ্রাহকরা।
যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম ফক্স ফাইভ নিউ ইয়র্ক জানিয়েছে, ভুক্তভোগী সব আইফোন ব্যবহারকারীর আবেদন জমা পড়ার পর এটি নিয়ে আদালতে শুনানি হবে। শুনানিতে নিষ্পত্তিটি ন্যায্য, যুক্তিসংগত ও পর্যাপ্ত কি না, তা নির্ধারণ করা হবে। আগামী বছরের ২৪ ফেব্রুয়ারি শুনানির দিন ধার্য করা রয়েছে।
