নিজেদের অ্যালার্ট মেসেজ এড়িয়ে যেতে বলল মাইক্রোসফট

মাইক্রোসফট ডিফেন্ডার অ্যান্টিভাইরাসের সাম্প্রতিক আপডেট ইনস্টলের পর ব্যবহারকারীদের কাছে অ্যান্টিভাইরাস বন্ধ হয়ে গেছে—এমন ভুল নোটিফিকেশন বা সতর্কবার্তা দেখাচ্ছে। তবে অ্যান্টিভাইরাসটি স্বাভাবিকভাবেই কাজ করছে। তাই বিভ্রান্ত না হয়ে ভুল নোটিফিকেশনটি উপেক্ষা করতে ব্যবহারকারীদের পরামর্শ দিয়েছে মাইক্রোসফট।
উইন্ডোজ ইনসাইডার প্রোগ্রামের ‘রিলিজ প্রিভিউ চ্যানেল’-এর ব্যবহারকারীরা গত জুন থেকেই এ সমস্যার মুখোমুখি হচ্ছেন। তবে সম্প্রতি বিষয়টি মাইক্রোসফটের নজরে আসে।
সমস্যায় আক্রান্ত কম্পিউটারে উইন্ডোজ সিকিউরিটি অ্যাপের মাধ্যমে ‘মাইক্রোসফট ডিফেন্ডার অ্যান্টিভাইরাস চালু করতে ট্যাপ বা ক্লিক করুন’—এমন বার্তা দেখানো হচ্ছে। এতে ব্যবহারকারীদের মনে হতে পারে, তাদের কম্পিউটারের অ্যান্টিভাইরাস বন্ধ হয়ে গেছে।
মাইক্রোসফট জানিয়েছে, উইন্ডোজের ক্লায়েন্ট ও সার্ভারের বিভিন্ন সচল সংস্করণে এ সমস্যা দেখা দিতে পারে। এমনকি উইন্ডোজের সাম্প্রতিক সংস্করণ ‘উইন্ডোজ ১১ ২৬এইচ১’ এবং ‘উইন্ডোজ সার্ভার ২০২৫’-এও বিভ্রান্তিকর নোটিফিকেশনটি দেখা যাচ্ছে।
শুক্রবার নিজেদের ‘রিলিজ হেলথ ড্যাশবোর্ড’-এর এক আপডেটে মাইক্রোসফট জানায়, ডিফেন্ডার অ্যান্টিভাইরাসের সাম্প্রতিক বিভিন্ন আপডেট ইনস্টলের পর ‘মাইক্রোসফট ডিফেন্ডার অ্যান্টিভাইরাস বন্ধ আছে’—এমন নোটিফিকেশন দেখা যেতে পারে। তবে অ্যান্টিভাইরাসটি ঠিকঠাক কাজ করছে এবং এর সব সেটিং সক্রিয় রয়েছে।
উইন্ডোজ চালু হওয়ার সময় এবং পরবর্তী সময়ে মাঝেমধ্যেই এ ধরনের নোটিফিকেশন দেখা দিতে পারে। এমনকি নোটিফিকেশন সেটিং বন্ধ করে রাখলেও সতর্কবার্তাটি ভেসে উঠতে পারে।
মাইক্রোসফট বলেছে, সমস্যাটি সমাধানে তারা কাজ করছে। ভবিষ্যতে মাইক্রোসফট ডিফেন্ডার অ্যান্টিভাইরাসের নতুন আপডেটের মাধ্যমে আক্রান্ত ব্যবহারকারীদের জন্য সমাধানটি দেওয়া হবে।
উইন্ডোজ আপডেটের পর ভুল সতর্কবার্তা বা ত্রুটির বার্তা দেখানোর ঘটনা অবশ্য মাইক্রোসফটের জন্য নতুন নয়।
২০২৫ সালের এপ্রিলে ‘উইন্ডোজ রিকভারি এনভায়রনমেন্ট’ আপডেট ইনস্টলের পর ভুল ‘0x80070643’ ত্রুটির বার্তা দেখানোর সমস্যা শনাক্ত করে সমাধান করেছিল প্রতিষ্ঠানটি। একই সময়ে উইন্ডোজ ১০ ও ১১ ডিভাইসে বিটলকার ড্রাইভ এনক্রিপশন নিয়ে ভুল বার্তা দেখানোর সমস্যাও সমাধান করা হয়।
এ ছাড়া ২০২৫ সালের জুলাইয়ে ‘জুন ২০২৫-এর প্রিভিউ’ আপডেট ইনস্টল ও কম্পিউটার পুনরায় চালুর পর উইন্ডোজ ফায়ারওয়ালের কিছু ভুল সতর্কবার্তা দেখালে সেগুলো উপেক্ষা করতে ব্যবহারকারীদের পরামর্শ দিয়েছিল মাইক্রোসফট।
এর এক মাস পর প্রতিষ্ঠানটি জানায়, জুলাই ২০২৫-এর প্রিভিউ আপডেট এবং পরবর্তী সময়ে উইন্ডোজ ১১ ২৪এইচ২ আপডেটের কারণে ‘সার্টিফিকেট সার্ভিসেস ক্লায়েন্ট’ সংক্রান্ত কিছু ত্রুটি বা ভুল বার্তা দেখা যাচ্ছিল।



