বাংলাদেশের ১ কোটি ৩২ লাখ ভিডিও মুছে ফেলল টিকটক

এশিয়া পোস্ট ডেস্ক
বাংলাদেশের ১ কোটি ৩২ লাখ ভিডিও মুছে ফেলল টিকটক
টিকটকের লোগো। ছবি: সংগৃহীত

চলতি বছরের জানুয়ারি থেকে মার্চ প্রান্তিকে টিকটকের কমিউনিটি গাইডলাইন লঙ্ঘনের দায়ে বাংলাদেশে ১ কোটি ৩২ লাখ ১৮ হাজার ৪টি ভিডিও মুছে ফেলা হয়েছে।

বুধবার (৮ জুলাই) চীনের জনপ্রিয় ভিডিওভিত্তিক সামাজিক যোগাযোগমাধ্যমটির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রতিষ্ঠানটির তথ্যমতে, নীতিমালা লঙ্ঘনকারী ভিডিওগুলোর মধ্যে ৯৪ দশমিক ৪ শতাংশই প্রকাশের ২৪ ঘণ্টার মধ্যে স্বয়ংক্রিয় প্রযুক্তি ব্যবহার করে অপসারণ করা হয়েছে।

টিকটকের প্রকাশিত সর্বশেষ ‘কমিউনিটি গাইডলাইনস এনফোর্সমেন্ট’ প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৬ সালের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) বিশ্বজুড়ে মোট ১৮ কোটি ৪০ লাখ ১২ হাজার ৫৭৬টি ভিডিও সরানো হয়েছে, যা প্ল্যাটফর্মটিতে আপলোড হওয়া মোট ভিডিওর প্রায় শূন্য দশমিক ৫ শতাংশ। এর মধ্যে ১৭ কোটি ৮০ লাখ ১৪ হাজার ১৫৪টি ভিডিও স্বয়ংক্রিয়ভাবে শনাক্ত করা হয়। তবে পরবর্তী পর্যালোচনা শেষে ৮৮ লাখ ৩৮ হাজার ৭১০টি ভিডিও আবারও প্ল্যাটফর্মে ফিরিয়ে আনা হয়েছে।

প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, প্ল্যাটফর্মের নিরাপত্তা ও বিশ্বাসযোগ্যতা নিশ্চিত করতে বছরের প্রথম প্রান্তিকে বিভিন্ন ভিডিও থেকে ২৩ কোটি ৭৫ লাখ ১৭ হাজার ১২৮টি মন্তব্য (কমেন্ট) মুছে ফেলা হয়েছে। একই সময়ে ৮ কোটি ৬২ লাখ ৮৮ হাজার ৭০৫টি ভুয়া (ফেক) অ্যাকাউন্ট এবং ১৩ বছরের কম বয়সী ব্যবহারকারীদের ২ কোটি ৫৭ লাখ ৬৪ হাজার ৩৭২টি অ্যাকাউন্ট অপসারণ করা হয়েছে।

টিকটকের তথ্য অনুযায়ী, অপসারিত ভিডিওগুলোর ১৮ দশমিক ৬ শতাংশে ছিল সংবেদনশীল বিষয়বস্তু, যা প্ল্যাটফর্মের কনটেন্ট নীতিমালার পরিপন্থী। এ ছাড়া ১২ দশমিক ৬ শতাংশ ভিডিও নিরাপত্তা ও সামাজিক আচরণবিষয়ক নীতিমালা ভঙ্গের কারণে সরিয়ে দেওয়া হয়েছে।