Advertisement

বিশ্বজুড়ে হঠাৎ অ্যাপ স্টোর থেকে টেলিগ্রাম উধাও

এশিয়া পোস্ট ডেস্ক
বিশ্বজুড়ে হঠাৎ অ্যাপ স্টোর থেকে টেলিগ্রাম উধাও
টেলিগ্রাম। ছবি: সংগৃহীত

বিশ্বের বেশ কয়েকটি দেশে অ্যাপলের অফিসিয়াল ‘অ্যাপ স্টোর’ থেকে জনপ্রিয় বার্তা আদান-প্রদানকারী প্ল্যাটফর্ম টেলিগ্রাম সরিয়ে নেওয়া হয়েছে। রুশ বার্তা সংস্থা তাস এই তথ্য নিশ্চিত করেছে।

প্রতিবেদনে জানানো হয়, মঙ্গলবার (৪ আগস্ট) থেকে রাশিয়া, তুরস্ক ও যুক্তরাষ্ট্রের মতো দেশগুলোতে অ্যাপ স্টোরের আইওএস ব্যবহারকারীরা টেলিগ্রাম অ্যাপটি নতুন করে আর খুঁজে পাচ্ছেন না বা ডাউনলোড করতে পারছেন না।

তবে যেসব ডিভাইসে অ্যাপটি আগে থেকেই ইনস্টল করা রয়েছে, সেখানে এটি স্বাভাবিকভাবেই সচল থাকছে।

আইফোন ব্যবহারকারীদের জন্য অ্যাপ স্টোরে অ্যাপটি অনুপলব্ধ হয়ে গেলেও অ্যান্ড্রয়েড ডিভাইসের ক্ষেত্রে কোনো সমস্যা দেখা দেয়নি। গুগল প্লে স্টোর এবং রাশিয়ার আঞ্চলিক অ্যাপ মার্কেটপ্লেস রুস্টোরে এখনো টেলিগ্রাম অ্যাপটি যথারীতি ডাউনলোড ও আপডেট করা যাচ্ছে।

আইওএস প্ল্যাটফর্ম থেকে অ্যাপটি হুট করে উধাও হয়ে যাওয়া কোনো কারিগরি ত্রুটি নাকি নতুন নীতিগত বিধিনিষেধের ফল, সে বিষয়ে অ্যাপল বা টেলিগ্রাম কর্তৃপক্ষের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে আনুষ্ঠানিক কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি।

এর আগে, গত ৩০ জুন টেলিগ্রামের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) পাভেল দুরভকে ‘সন্ত্রাসী’ ও ‘চরমপন্থি’ হিসেবে তালিকাভুক্ত করে রাশিয়া।

এ ছাড়া, সন্ত্রাসবাদ-সম্পর্কিত কনটেন্ট সরাতে ব্যর্থ হওয়ার অভিযোগে অস্ট্রেলিয়ার অফিস অব দ্য ই-সেফটি কমিশনার টেলিগ্রামের বিরুদ্ধে মামলাও করেছে।