logo

বিদেশি নম্বর থেকে আসা ফোনকল ধরলেই বিপদ, নিরাপদ থাকবেন যেভাবে

বিদেশি নম্বর থেকে আসা ফোনকল ধরলেই বিপদ, নিরাপদ থাকবেন যেভাবে
ছবি : সংগৃহীত

সম্প্রতি অনেকে হঠাৎ করেই বিদেশি নম্বর থেকে অচেনা ফোন পাচ্ছেন। কখনো যুক্তরাষ্ট্র, ইরান, ওমান কিংবা অন্য দেশের কোড ব্যবহার করে ফোন করা হচ্ছে। বেশির ভাগ ক্ষেত্রেই এসব নম্বরের সঙ্গে ভুক্তভোগীর কোনো পরিচিত যোগাযোগ থাকে না। বিশেষজ্ঞরা বলছেন, এসব ফোনের পেছনে সক্রিয় থাকতে পারে আন্তর্জাতিক প্রতারক চক্র।

সাধারণত প্রতারকরা চাকরি, লটারি, উপহার, কুরিয়ার সার্ভিস বা ব্যাংকসংক্রান্ত জরুরি তথ্যের কথা বলে মানুষের বিশ্বাস অর্জনের চেষ্টা করে। ফোন রিসিভ করার পর নানা কৌশলে তারা ব্যক্তিগত তথ্য, ব্যাংক অ্যাকাউন্টের তথ্য, ওটিপি কিংবা সামাজিক যোগাযোগমাধ্যমের পাসওয়ার্ড হাতিয়ে নেওয়ার চেষ্টা করে। অনেক ক্ষেত্রে তারা ভয় দেখিয়েও তথ্য আদায় করতে চায়।

তবে সব বিদেশি নম্বর থেকেই যে প্রতারণামূলক ফোন আসে, বিষয়টি এমন নয়। অনেক সময় প্রবাসে থাকা আত্মীয়স্বজন, বন্ধু বা পরিচিতরাও বিদেশি নম্বর থেকে যোগাযোগ করেন। তাই ফোনের ধরন ও কথাবার্তা বুঝে সতর্ক হওয়া জরুরি।

প্রতারকরা সাধারণত প্রথমে মিসড কল দেয়। এতে কৌতূহলবশত অনেকে পরে নিজে থেকেই কল ব্যাক করেন। আর সেখান থেকেই শুরু হয় প্রতারণার ফাঁদ। আবার কখনো জরুরি কুরিয়ার এসেছে, চাকরির সুযোগ রয়েছে কিংবা ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাবে এমন নানা অজুহাতে ভয় বা তাড়াহুড়ার পরিবেশ তৈরি করা হয়।

বিশেষজ্ঞদের পরামর্শ হলো, অচেনা আন্তর্জাতিক নম্বর থেকে ফোন এলে আগে নম্বর যাচাই করুন। ফোনে `Truecaller'-এর মতো কলার আইডি অ্যাপ ব্যবহার করলে নম্বর সম্পর্কে ধারণা পাওয়া যেতে পারে। সন্দেহজনক মনে হলে ফোন রিসিভ না করাই ভালো। ভুলেও ওটিপি, ব্যাংক তথ্য, জাতীয় পরিচয়পত্র নম্বর বা সামাজিক যোগাযোগমাধ্যমের পাসওয়ার্ড শেয়ার করা উচিত নয়।

এ ছাড়া সন্দেহজনক নম্বরগুলো দ্রুত ব্লক করে দিন। একই নম্বর থেকে বারবার ফোন এলে বা বিভিন্ন বিদেশি নম্বর থেকে নিয়মিত কল আসতে থাকলে বুঝতে হবে আপনার নম্বরটি কোনো অনলাইন প্ল্যাটফর্ম বা ডেটাবেজে ছড়িয়ে পড়েছে।

প্রতারকদের ব্যবহৃত কিছু আন্তর্জাতিক কোড নিয়ে বিশেষ সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। এর মধ্যে রয়েছে +৯২ (পাকিস্তান), +৮৪ (ভিয়েতনাম), +৬২ (ইন্দোনেশিয়া), +১ (যুক্তরাষ্ট্র) এবং +৯৮ (ইরান)। তবে শুধু কোড দেখেই সিদ্ধান্ত না নিয়ে ফোনের উদ্দেশ্য ও আচরণ বুঝে পদক্ষেপ নেওয়াই সবচেয়ে নিরাপদ।

ডিজিটাল যুগে সচেতন থাকাই সবচেয়ে বড় নিরাপত্তা। অচেনা নম্বর থেকে আসা ফোনে একটু সতর্ক থাকলেই বড় ধরনের প্রতারণা থেকে নিজেকে রক্ষা করা সম্ভব।

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস