Advertisement

পাবলিক ওয়াইফাই ব্যবহারে মেনে চলুন ৫ গুরুত্বপূর্ণ নিয়ম

এশিয়া পোস্ট ডেস্ক
পাবলিক ওয়াইফাই ব্যবহারে মেনে চলুন ৫ গুরুত্বপূর্ণ নিয়ম
সম্ভব হলে পাবলিক ওয়াইফাই ব্যবহারের সময় ভিপিএন ব্যবহার করুন।

বর্তমানে ক্যাফে, রেস্তোরাঁ, বিমানবন্দর, শপিং মল কিংবা বিভিন্ন জনসমাগমস্থলে বিনামূল্যের পাবলিক ওয়াই-ফাই ব্যবহার খুবই সাধারণ বিষয়। তবে এই সুবিধার সঙ্গে রয়েছে সাইবার নিরাপত্তার ঝুঁকিও। অসতর্কভাবে পাবলিক নেটওয়ার্ক ব্যবহার করলে পাসওয়ার্ড, ব্যক্তিগত তথ্য এমনকি ব্যাংকিং তথ্যও চুরি হতে পারে। তাই পাবলিক ওয়াই-ফাই ব্যবহারের সময় কয়েকটি বিষয় অবশ্যই মাথায় রাখা জরুরি।

সঠিক ওয়াইফাই নেটওয়ার্কে যুক্ত হন

সাইবার অপরাধীরা অনেক সময় আসল নেটওয়ার্কের নামের সঙ্গে মিল রেখে ভুয়া ওয়াইফাই নেটওয়ার্ক তৈরি করে ব্যবহারকারীদের তথ্য চুরি করে। এ ধরনের ম্যান-ইন-দ্য-মিডল (Man-in-the-Middle) হামলা এড়াতে ক্যাফে বা প্রতিষ্ঠানের কর্মীদের কাছ থেকে নেটওয়ার্কের সঠিক নাম নিশ্চিত হয়ে তবেই সংযুক্ত হন।

ফাইল শেয়ারিং সুবিধা বন্ধ রাখুন

পাবলিক নেটওয়ার্ক ব্যবহারের আগে এয়ারড্রপ, নেটওয়ার্ক ডিসকভারি, ফাইল শেয়ারিংসহ অনুরূপ সুবিধাগুলো বন্ধ রাখুন। এগুলো চালু থাকলে একই নেটওয়ার্কে থাকা অন্য কেউ আপনার ডিভাইসে প্রবেশের চেষ্টা করতে পারে।

HTTPS আছে কি না যাচাই করুন

কোনো ওয়েবসাইটে লগইন করার আগে নিশ্চিত করুন সেটির ঠিকানার শুরুতে HTTPS রয়েছে এবং ব্রাউজারে তালা বা প্যাডলক চিহ্ন দেখা যাচ্ছে। এটি ওয়েবসাইটের সংযোগ এনক্রিপ্টেড হওয়ার একটি গুরুত্বপূর্ণ নির্দেশক।

অ্যান্টিভাইরাস ও সফটওয়্যার হালনাগাদ রাখুন

অপরিচিত নেটওয়ার্ক ব্যবহারের সময় ফোন বা ল্যাপটপে অ্যান্টিভাইরাস সক্রিয় রাখুন এবং অপারেটিং সিস্টেম ও নিরাপত্তা সফটওয়্যার নিয়মিত আপডেট করুন। এতে অনেক পরিচিত সাইবার হামলার ঝুঁকি কমে।

আর্থিক লেনদেন থেকে বিরত থাকুন

পাবলিক ওয়াইফাই ব্যবহার করার সময় অনলাইন ব্যাংকিং, মোবাইল ব্যাংকিং, ক্রেডিট বা ডেবিট কার্ডের তথ্য ব্যবহার কিংবা গুরুত্বপূর্ণ অ্যাকাউন্টে লগইন না করাই ভালো। জরুরি আর্থিক লেনদেনের ক্ষেত্রে ব্যক্তিগত মোবাইল ডেটা বা বিশ্বস্ত নেটওয়ার্ক ব্যবহার করাই সবচেয়ে নিরাপদ।

অতিরিক্ত পরামর্শ

বিশেষজ্ঞদের মতে, সম্ভব হলে পাবলিক ওয়াইফাই ব্যবহারের সময় ভিপিএন (VPN) ব্যবহার করুন। এতে আপনার ইন্টারনেট সংযোগ এনক্রিপ্টেড থাকে এবং ব্যক্তিগত তথ্য সুরক্ষিত রাখার সম্ভাবনা বাড়ে। পাশাপাশি কাজ শেষ হলে পাবলিক নেটওয়ার্ক থেকে সংযোগ বিচ্ছিন্ন করতে এবং ডিভাইসের অটো-জয়েন (Auto Join) সুবিধা বন্ধ রাখতে ভুলবেন না।

সূত্র: প্রযুক্তি