logo

আইফোন নিয়ে অ্যাপলের জরুরি সতর্কতা জারি

আইফোন নিয়ে অ্যাপলের জরুরি সতর্কতা জারি
কোলাজ ছবি

আইফোন ও আইপ্যাড ব্যবহারকারীদের জরুরি সতর্কবার্তা দিয়েছে অ্যাপল। পুরোনো সফটওয়্যারে গুরুতর নিরাপত্তা ত্রুটি শনাক্ত হওয়ার পর দ্রুত সফটওয়্যার হালনাগাদ করার পরামর্শ দিয়েছে প্রতিষ্ঠানটি।

অ্যাপল জানিয়েছে, ছবি ও গ্রাফিকস প্রদর্শনে ব্যবহৃত ‘কোরগ্রাফিকস’ নামের সফটওয়্যার উপাদানে এই দুর্বলতা পাওয়া গেছে। বিশেষভাবে তৈরি করা কোনো ফাইল ব্যবহার করে ত্রুটিটি কাজে লাগিয়ে হ্যাকাররা ডিভাইসে ক্ষতিকর নির্দেশনা চালাতে পারে।

অ্যাপলের দাবি, এই দুর্বলতা কাজে লাগিয়ে অত্যন্ত জটিল সাইবার হামলা চালানো হয়ে থাকতে পারে। নির্দিষ্ট কিছু ব্যক্তিকে লক্ষ্য করে এমন হামলার তথ্যও পেয়েছে প্রতিষ্ঠানটি। তবে কারা বা কীভাবে হামলার শিকার হয়েছেন, সে বিষয়ে বিস্তারিত জানায়নি অ্যাপল।

ঝুঁকি মোকাবিলায় পুরোনো সফটওয়্যার ব্যবহার করা আইফোনের জন্য আইওএস ২৬.৭.১ এবং আইপ্যাডের জন্য আইপ্যাডওএস ২৬.৭.১ হালনাগাদ প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি। আইফোন ১১ ও পরবর্তী মডেলগুলোতে এই হালনাগাদ করা যাবে।

অ্যাপলের পরামর্শ অনুযায়ী, হালনাগাদের আগে গুরুত্বপূর্ণ তথ্যের নিরাপত্তা কপি রাখা উচিত। এরপর ফোনটি চার্জে রেখে নির্ভরযোগ্য তারহীন ইন্টারনেটের সঙ্গে যুক্ত করে ‘সেটিংস’ থেকে ‘সফটওয়্যার হালনাগাদ’ অপশনে যেতে হবে। নতুন সংস্করণ পাওয়া গেলে ‘ডাউনলোড ও ইনস্টল’ বা ‘এখনই হালনাগাদ’ অপশনে চাপ দিলেই প্রক্রিয়া শুরু হবে।

ব্যবহারকারীরা চাইলে স্বয়ংক্রিয় হালনাগাদও চালু করতে পারবেন। এতে ফোন চার্জে থাকা অবস্থায় এবং তারহীন ইন্টারনেটের সঙ্গে যুক্ত থাকলে রাতে স্বয়ংক্রিয়ভাবে নতুন সফটওয়্যার ডাউনলোড ও ইনস্টল হবে।

এদিকে নতুন আইফোন ১৮ প্রো ও আইফোন ১৮ প্রো ম্যাক্সের কয়েকটি সমস্যা সমাধানেও আইওএস ২৭.০.১ হালনাগাদ প্রকাশ করেছে অ্যাপল।