logo
Advertisement

৮ হাজার কর্মী ছাঁটাই করছে মেটা, নজর এআইয়ের দিকে

এশিয়া পোস্ট নিউজ
৮ হাজার কর্মী ছাঁটাই করছে মেটা, নজর এআইয়ের দিকে

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তিতে বিশাল অংকের বিনিয়োগের ঘোষণা দিয়েছে ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা প্ল্যাটফর্মস ইনক। পাশাপাশি নিজেদের ১০ শতাংশ কর্মী ছাঁটাই করারও সিদ্ধান্ত নিয়েছে এই প্রযুক্তি জায়ান্ট। সিএনএন জানাচ্ছে, এর ফলে চাকরি হারাচ্ছেন প্রতিষ্ঠানটির প্রায় ৮ হাজার কর্মী। মেটার প্রধান জনবল কর্মকর্তা জেনেল গেল জানিয়েছেন, আগামী ২০ মে থেকে শুরু হবে এই ছাঁটাই প্রক্রিয়া।

Advertisement

মেটার পক্ষ থেকে জানানো হয়েছে, প্রতিষ্ঠানকে আরও দক্ষভাবে পরিচালনা করতে এবং এআই খাতে ক্রমবর্ধমান ব্যয়ের ভারসাম্য বজায় রাখতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ৮ হাজার কর্মীর ছাঁটাইয়ের পাশাপাশি বিভিন্ন বিভাগে থালি থাকা আরও ৬ হাজার পদে নিয়োগও বন্ধ করে দিচ্ছে প্রতিষ্ঠানটি।

সংবাদমাধ্যম জানাচ্ছে, ২০২৫ সালে মেটা এআই অবকাঠামো ও ডাটা সেন্টারের পেছনে ৭ হাজার ২২০ কোটি ডলার ব্যয় করেছে, যা ২০২৬ সালে ১১ হাজার ৫০০ কোটি ডলারে পৌঁছাতে পারে।

মেটার প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ চলতি বছর নাটকীয়ভাবে কাজের ধরন বদলে ফেলার ইঙ্গিত দিয়েছিলেন। তিনি বলেছেন, ‘যেসব প্রকল্প সম্পন্ন করতে আগে বিশাল দলের প্রয়োজন হতো, এখন এআইয়ের কল্যাণে একজন দক্ষ মানুষই তা করে ফেলছে।’

মূলত ওপেনএআইয়ের মতো প্রতিযোগীদের সঙ্গে পাল্লা দিতে মেটা ইদানীং ‘সুপার ইন্টেলিজেন্স ল্যাব’, ‘মল্টবুক’ ও ‘মানুসের’ মতো বিভিন্ন এআই স্টার্টআপ কেনার জন্য বিলিয়ন বিলিয়ন খরচ করছে।

এদিকে ছাঁটাইয়ের আওতায় থাকা কর্মীদের ১৬ সপ্তাহের মূল বেতন এবং প্রতি বছর কাজের বিনিময়ে অতিরিক্ত আরও দুই সপ্তাহের বেতন দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে মেটা।