টিভি চ্যানেল আনছে গুগল, নায়ক হিসেবে দেখা যাবে নিজেকেই

নিজের পছন্দের সিনেমায় নায়ক হিসেবে দেখা যাবে নিজেকেই, এমন প্রযুক্তি নিয়ে কাজ করছে গুগল। দর্শকের ব্যক্তিগত তথ্য, আগ্রহ ও পছন্দ বিশ্লেষণ করে আলাদা টিভি চ্যানেল তৈরির পরিকল্পনা করছে প্রযুক্তি প্রতিষ্ঠানটি।
‘মাই চ্যানেল’ নামের কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর (এআই) এই ব্যবস্থার ধারণা নিয়ে যুক্তরাষ্ট্রের পেটেন্ট অফিসে আবেদন করেছে গুগল।
প্রচলিত টেলিভিশনে একই চ্যানেলের অনুষ্ঠান সব দর্শককে দেখতে হয়। তবে গুগলের পরিকল্পনা বাস্তবায়িত হলে প্রত্যেক ব্যবহারকারীর জন্য তৈরি হবে আলাদা ভিডিও কনটেন্ট। এসব ভিডিওতে দর্শকের নিজের চেহারা ও কণ্ঠস্বর ব্যবহার করে তাকেই মূল চরিত্রে উপস্থাপন করা হতে পারে।
এ জন্য ব্যবহারকারীর বয়স, অবস্থান, ভাষা, আগ্রহ, পছন্দ এবং আগে দেখা ভিডিওর ইতিহাস বিশ্লেষণ করবে এআই ব্যবস্থা। এসব তথ্যের ভিত্তিতে ব্যক্তিভেদে ভিডিও তৈরি করা হবে।
পেটেন্টের বর্ণনা অনুযায়ী, প্রথমে ব্যবহারকারীর ভিডিও দেখার ইতিহাস, পছন্দের বিষয়, আইপি ঠিকানা, জিপিএস অবস্থান, ভাষা ও বয়সসংক্রান্ত তথ্য সংগ্রহ করবে সিস্টেমটি। পরে এসব তথ্য বিশ্লেষণ করে স্বয়ংক্রিয়ভাবে একটি নির্দেশনা বা প্রম্পট তৈরি করা হবে।
নির্দেশনাটি পাঠানো হবে লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলের (এলএলএম) কাছে। মডেলটি ব্যবহারকারীর পছন্দ অনুযায়ী ভিডিও তৈরি করবে। তৈরি হওয়া ভিডিওগুলো সংরক্ষিত থাকবে ব্যক্তিগত কনটেন্ট লাইব্রেরিতে। সেখান থেকে টেলিভিশনে নিজের পছন্দের ভিডিও দেখতে পারবেন ব্যবহারকারী।
নির্দিষ্ট সময় পরপর নতুন ভিডিও তৈরির ব্যবস্থাও থাকতে পারে এই প্রযুক্তিতে। সাম্প্রতিক খবর, আলোচিত বিষয় কিংবা খেলাধুলার ওপর ভিত্তি করেও তৈরি হতে পারে ব্যক্তিগত পছন্দের কনটেন্ট। পাশাপাশি ভিডিওতে বিজ্ঞাপন যুক্ত করার ব্যবস্থার কথাও পেটেন্টে উল্লেখ করা হয়েছে।
তবে ‘মাই চ্যানেল’ এখনই বাজারে আসছে না। পেটেন্ট আবেদনটিতে যুক্তরাষ্ট্রের পেটেন্ট অফিস আপত্তি জানিয়েছে। গুগল চাইলে আবেদন সংশোধন করে পুনরায় অনুমোদনের চেষ্টা করতে পারবে।
সূত্র: ইকোনমিক টাইমস




