হোয়াটসঅ্যাপে চ্যাট করতে লাগবে না ফোন নম্বর

সবচেয়ে বড় পরিবর্তনের পথে হাঁটছে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ। মেটা অ্যাপটি থেকে তুলে নিচ্ছে ফোন নম্বরের বাধ্যবাধকতা। এর পরিবর্তে থাকবে স্বতন্ত্র ইউজারনেম বিনিময়। এখন থেকে ব্যক্তিগত মোবাইল নম্বর গোপন রেখেই সম্পূর্ণ অপরিচিত ব্যক্তির সঙ্গেও নিশ্চিন্তে যোগাযোগ করা যাবে।
শিগগিরই এর ব্যবহারকারীরা অ্যাপে নিজেদের পছন্দমতো একটি ‘ইউজারনেম’ যোগ করতে করতে পারবেন। এরপর থেকে কারও সঙ্গে যোগাযোগের জন্য ফোন নম্বরের বদলে কেবল ওই ইউজারনেম শেয়ার করে নিলেই চলবে।
কোম্পানিটির পক্ষ থেকে নতুন এই ফিচারকে ব্যক্তিগত গোপনীয়তা রক্ষার বড় পদক্ষেপ হিসেবে তুলে ধরা হচ্ছে।
এত দিন হোয়াটসঅ্যাপে কারও সঙ্গে চ্যাট করতে হলে নিজের ব্যক্তিগত মোবাইল নম্বর শেয়ার করা বাধ্যতামূলক ছিল। এর ফলে কোনো সদ্য পরিচিত মানুষ, ব্যবসায়িক বিষয় কিংবা কোনো পাবলিক গ্রুপে যোগ দেওয়ার পর অনিচ্ছা সত্ত্বেও নম্বরটি প্রকাশ হয়ে যেত। নতুন এই ব্যবস্থার ফলে সেই আশঙ্কা আর থাকবে না।
প্ল্যাটফর্মটি জানিয়েছে, মোবাইল নম্বর ব্যক্তিগত জিনিস। এটি মানুষের জীবনের বহু বিষয়ের সঙ্গে যুক্ত থাকে। তাই নম্বরটি সুরক্ষিত রাখা জরুরি। আগামী কয়েক মাসের মধ্যে এটি বিশ্বব্যাপী তাদের তিন বিলিয়ন অ্যাকাউন্টধারীর জন্য চালু করা হবে। এই সপ্তাহ থেকে ব্যবহারকারীরা অ্যাপের মাধ্যমে একটি নাম সংরক্ষণ করা শুরু করতে পারবেন, যদিও এটি বাধ্যতামূলক হবে না। ব্যবহারকারীরা যে কোনো সময় তাদের ইউজারনেম মুছে ফেলতে বা পরিবর্তন করতে পারবেন।
হোয়াটসঅ্যাপ আরও জানিয়েছে, এই ইউজারনেম অন্য কোনো সামাজিক যোগাযোগমাধ্যমের হ্যান্ডলের মতো নয়। কারণ এখানে ব্যবহারকারীদের নাম খোঁজার জন্য কোনো ডিরেক্টরি বা তালিকা থাকবে না। এমনকি কাউকে বন্ধু হিসেবে যুক্ত করার জন্য অ্যাপের পক্ষ থেকে কোনো সাজেশনও দেওয়া হবে না। মেটার মালিকানাধীন অন্যান্য সামাজিক যোগাযোগমাধ্যম, যেমন ইনস্টাগ্রাম বা ফেসবুকের ইউজারনেমের সঙ্গে এটি এক হওয়ারও কোনো বাধ্যবাধকতা নেই।
সোমবার (২৯ জুন) থেকেই ব্যবহারকারীরা হোয়াটসঅ্যাপের সবশেষ ভার্শন আপডেট করে নিজেদের ইউজারনেম রিজার্ভ করতে পারবেন। এর জন্য অ্যাপের সেটিংস অপশনে গিয়ে প্রথমে অ্যাকাউন্ট এবং তার পর ‘ইউজারনেম’-এ ক্লিক করতে হবে। তবে এই ফিচার পুরোপুরি কার্যকর হতে বছরের শেষ দিক পর্যন্ত অপেক্ষা করতে হবে। এটি চালু হলে ব্যবহারকারীদের নোটিফিকেশনের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।
এক বিজ্ঞপ্তিতে হোয়াটসঅ্যাপ বলেছে, ‘অধিকাংশ মানুষের ক্ষেত্রে হোয়াটসঅ্যাপ ইউজারনেমটি এমন অনন্য হওয়া উচিত, যা কেবল তাদের কাঙ্ক্ষিত ব্যক্তিরাই জানবেন। সঠিক নাম বাছতে সমস্যা হলে আমাদের একটি ইউজারনেম জেনারেটর রয়েছে, যা আপনাকে সাহায্য করবে।’
এ ছাড়া বিভিন্ন কনটেন্ট ক্রিয়েটর, ক্ষুদ্র ব্যবসায়ী ও সংস্থাকে তাদের ইনস্টাগ্রাম বা ফেসবুকে থাকা বর্তমান ইউজারনেমটিই হোয়াটসঅ্যাপে ব্যবহার করার সুযোগ দেবে হোয়াটসঅ্যাপ।
সূত্র: বিবিসি





