logo

আবারও সাইবার আক্রমণের শিকার দ্য ডিসেন্টের ফেসবুক পেজ

আবারও সাইবার আক্রমণের শিকার দ্য ডিসেন্টের ফেসবুক পেজ
দ্য ডিসেন্টের লোগো। ছবি: সংগৃহীত

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সমর্থক হিসেবে পরিচিত সাইবার গ্রুপগুলোর সংঘবদ্ধ আক্রমণের মুখে ডিজিটাল ইনভেস্টিগেটিভ মিডিয়া আউটলেট দ্য ডিসেন্ট এর ফেসবুক পেজ আবারও সাসপেন্ড করেছে ফেসবুক কর্তৃপক্ষ।

গত শুক্রবার (২২ মে) সকাল থেকে দ্য ডিসেন্ট এর ফেসবুক পেজ পাচ্ছেন না পাঠকরা। তবে সংবাদমাধ্যমটির ওয়েবসাইট সক্রিয় রয়েছে।

পাশাপাশি দ্য ডিসেন্টের সম্পাদক কদরুদ্দীন শিশির, ডেইলি স্টারের সাংবাদিক জাইমা ইসলাম, অ্যাক্টিভিস্ট আহনাফ তাহমিদসহ কয়েকশ ব্যক্তিগত প্রোফাইলকেও রিমুভ করতে পেরেছে বলে নিজেদের ফেসবুক পেজে ঘোষণা দিয়েছে আওয়ামীপন্থী সাইবার গ্রুপ ক্র্যাক প্লাটুন বাংলাদেশ সাইবার ফোর্স নামক সাইবার অপরাধী গ্রুপ।

এক ফেসবুক পোস্টে সাইবার অপরাধী গ্রুপটি জানায়, ‘বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধ ও বাংলাদেশ নিয়ে বিভিন্ন সময়ে নোংরামি করা প্রায় ৫০০ ফেসবুক আইডি টেকডাউন করা হয়েছে।’

গ্রুপটির ‘সোশ্যাল মিডিয়া ইনটেলিজেনস অ্যানালিস্ট’ পরিচয় দেওয়া ‘Ryan Draper’ নামে একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকেও একাধিক ব্যক্তির অ্যাকাউন্ট ডিজেবল করার কথা জানানো হয়।

দ্য ডিসেন্টের সম্পাদক কদরুদ্দীন শিশির জানিয়েছেন, পেজটি ফিরিয়ে আনার জন্য কাজ করা হচ্ছে।

আগেও রিমুভ হয়েছিল দ্য ডিসেন্টের পেজ

এটি দ্য ডিসেন্টের ফেসবুক পেজের ওপর প্রথম সংঘবদ্ধ সাইবার আক্রমণ নয়। এর আগে চলতি বছরের ১৭ জানুয়ারি উগ্র ডানপন্থী সংঘবদ্ধ একটি সাইবার অপরাধী গ্রুপের আক্রমণের মুখে ফেসবুক দ্য ডিসেন্টের পেজ রিমুভ করে দেয়। পরে ভেরিফিকেশনের মাধ্যমে তিন দিনের মধ্যে পেজটি পুনরুদ্ধার করতে সক্ষম হয় দ্য ডিসেন্ট।

ওই সময় ‘𝐐𝐀𝐖𝐌𝐈 𝐂𝐘𝐁𝐄𝐑 𝐙𝐎𝐍𝐄’ নামের একটি ফেসবুক পেজ থেকে দেওয়া পোস্টে বলা হয়েছিল, “ফ্যাক্ট চেকের নামে আলেমদের ওপর মিথ্যা ট্যাগিং, মাওলানা মাহমুদুল হাসান গুনবিসহ কয়েকজন হক্কানি আলেমের ওপর টি/টি/পি সমর্থক হওয়ার মিথ্যা ট্যাগ এবং আবারও জ/ঙ্গি নাটক মঞ্চায়ন করতে চাওয়ার অপরাধে দ্যা ডিসেন্টকে ফেসবুক থেকে বিদায় জানাতে সক্ষম হয়েছে ‘𝐐𝐀𝐖𝐌𝐈 𝐂𝐘𝐁𝐄𝐑 𝐙𝐎𝐍𝐄’ বিশেষ করে ‘The Bengal News’ কে মি-থ্যা ট্যাগ দেওয়ার কারণে TBN এর পরিচালক মীম সুহাইল দ্যা ডিসেন্টের লিংক দিয়ে সাহায্য করেছিলেন।”