logo

তাপপ্রবাহ কবে কমতে পারে, জানাল আবহাওয়া অফিস

তাপপ্রবাহ কবে কমতে পারে, জানাল আবহাওয়া অফিস

দেশের অধিকাংশ জায়গায় চলমান গরমের দাপট আজও অব্যাহত রয়েছে। তবে কিছু কিছু জায়াগায় বিক্ষিপ্তভাবে বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী ২৬ এপ্রিল থেকে দেশে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। এরপর তাপপ্রবাহ কমে আসতে পারে।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ হতে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এ অবস্থায় বৃহস্পতিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। এ সময়ে রাজশাহী বিভাগের অবশিষ্টাংশ ও খুলনা বিভাগসহ ঢাকা, টাঙ্গাইল, ফরিদপুর, মাদারীপুর, দিনাজপুর, ব্রাক্ষণবাড়িয়া, লক্ষ্মীপুর, রাঙামাটি ও বান্দরবান জেলার ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।

পূর্বাভাসে বলা হয়েছে, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দুই-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। 

আবহাওয়াবিদ শাহিনুল ইসলাম বলেন, ২৫ তারিখ থেকে তাপমাত্রা সামান্য কমতে পারে। ২৬ তারিখের পর থেকে মাসের শেষ দিনগুলোতে ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি হতে পারে। এসময় দেশে গরম অনেকটা কমে আসতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, ২৭ এপ্রিলের পর দেশের উত্তরপূর্বাঞ্চলে ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে। এসময় দেশের তাপমাত্রা আরও কমতে পারে।