logo

শীত নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা

শীত নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা
তেঁতুলিয়ায় তাপমাত্রা কমে বাড়ছে শীতের অনুভূতি। ছবি: এশিয়া পোস্ট

আগামী ৫ দিনে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা আরও ১ থেকে ২ ডিগ্রি কমতে পারে। সেই সঙ্গে বর্ধিত ৫ দিনে তাপমাত্রা আরও কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

শনিবার (২৮ নভেম্বর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।

Advertisement

পূর্বাভাসে বলা হয়েছে, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। পাশাপাশি এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এই অবস্থায় রোববার ও সোমবার (২৯-৩০ নভেম্বর) সন্ধ্যা ৬টা পর্যন্ত অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। তবে এই দুই দিনে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আবহাওয়া অফিস বলছে, আগামী মঙ্গলবার (১ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা পর্যন্ত সারা দেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও দিনের তাপমাত্রা কিছুটা কমতে পারে। পাশাপাশি বুধ ও বৃহস্পতিবার (২-৩ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা পর্যন্ত সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে।

গত ২৪ ঘণ্টায় পঞ্চগড়ের তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন ১৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর। পাশাপাশি এই সময়ে রাজধানী ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এই অবস্থায় বর্ধিত ৫ দিনে রাত ও দিনের তাপমাত্রা আরও কমে শীতের অনুভূতি বাড়তে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।