logo

১২০ ঘণ্টার পূর্বাভাসে গরম নিয়ে নতুন বার্তা

১২০ ঘণ্টার পূর্বাভাসে গরম নিয়ে নতুন বার্তা

দেশের অধিকাংশ জায়গায় চলমান গরমের দাপট সপ্তাহজুড়ে অব্যাহত থাকতে পারে। তবে কিছু কিছু জায়াগায় বিক্ষিপ্তভাবে বজ্রবৃষ্টিও হতে পারে। মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ হতে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এ অবস্থায় মঙ্গলবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। এ সময়ে রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, ঢাকা, ফরিদপুর, খুলনা, যশোর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া জেলার ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে ও কিছু জায়গায় বিস্তার লাভ করতে পারে।

এ ছাড়া বুধবার সকাল থেকে শুক্রবার পর্যন্ত সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে। বিরাজমান তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে। শনিবার থেকে তাপমাত্রা কিছুটা কমতে পারে এবং উল্লেখিত সময়ে দেশের কিছু কিছু জায়গায় বিক্ষিপ্তভাবে বজ্রবৃষ্টি হতে পারে।

পূর্বাভাসে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টা সর্বোচ্চ ৩৮ ডিগ্রি সেলসিয়াত তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাজশাহীতে। সর্বনিম্ন ১৯ ডিগ্রি তাপমাত্রা ছিল সিলেটে।