চলতি মাসে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টির আভাস, বন্যা ও লঘুচাপের শঙ্কা

আগস্টজুড়ে দেশে স্বাভাবিকের তুলনায় বেশি বৃষ্টিপাত হতে পারে। একই সঙ্গে বঙ্গোপসাগরে দুই থেকে তিনটি মৌসুমি লঘুচাপ বা নিম্নচাপ সৃষ্টি হতে পারে বলেও আশঙ্কা করা হয়েছে। এর প্রভাবে দেশের কয়েকটি অঞ্চলে বন্যা ও জলাবদ্ধতার ঝুঁকি বাড়তে পারে বলে পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি)।
শনিবার (১ আগস্ট) প্রকাশিত সংস্থাটির মাসিক আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, উজানে ভারী বৃষ্টির কারণে রংপুর, সিলেট ও ময়মনসিংহ অঞ্চলে নদ-নদীর পানি বেড়ে প্লাবনের পরিস্থিতি তৈরি হতে পারে। অন্যদিকে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের নিচু এলাকায় ভারী বর্ষণে সাময়িক জলাবদ্ধতার আশঙ্কা রয়েছে।
তবে চলতি মাসে কোনো ঘূর্ণিঝড় বা বড় ধরনের তাপপ্রবাহের সম্ভাবনা নেই। যদিও বৃষ্টির বিরতিতে বাতাসে আর্দ্রতা বেড়ে ভ্যাপসা গরম অনুভূত হতে পারে।
আগস্টের প্রথম সপ্তাহে (১-৮ আগস্ট) রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগে মেঘের আধিক্য থাকবে। এ সময় উত্তরাঞ্চল ও উত্তর-পূর্বাঞ্চলে টানা রোদ ওঠার সম্ভাবনা কম। রংপুর, সিলেট, ময়মনসিংহ এবং চট্টগ্রামের দক্ষিণাংশে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এতে উজানের নদীগুলোর পানি বেড়ে নিচু এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। তবে এ সময়ে সমুদ্র তুলনামূলক শান্ত থাকতে পারে।
দ্বিতীয় সপ্তাহে (৯-১৬ আগস্ট) বৃষ্টির প্রবণতা দক্ষিণ ও দক্ষিণ-পূর্বাঞ্চলে বেশি থাকবে। খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও ঢাকা বিভাগে মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। একই সময়ে বঙ্গোপসাগরে একটি মৌসুমি লঘুচাপ বা নিম্নচাপ সৃষ্টি হতে পারে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর উত্তাল হয়ে সমুদ্রবন্দরে সতর্কসংকেত জারি করতে হতে পারে। পাশাপাশি পার্বত্য চট্টগ্রামে ভূমিধস এবং উত্তরাঞ্চলে বন্যার ঝুঁকিও বাড়তে পারে।
১৭ থেকে ২৪ আগস্ট পর্যন্ত দেশের অধিকাংশ এলাকায় আকাশ মেঘাচ্ছন্ন থাকতে পারে। এ সময় এক বা একাধিক মৌসুমি বৃষ্টিবলয় সক্রিয় থাকায় সিলেট, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও রংপুর বিভাগে ভারী বর্ষণ অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। এতে কয়েকটি নদ-নদীর পানি বিপৎসীমা অতিক্রম করতে পারে বলে জানিয়েছে বিডব্লিউওটি।
মাসের শেষ সপ্তাহে (২৫-৩১ আগস্ট) দক্ষিণ ও পূর্বাঞ্চলে বৃষ্টির প্রবণতা আরও সক্রিয় থাকতে পারে। খুলনা, বরিশাল, ঢাকা, ময়মনসিংহ ও চট্টগ্রাম বিভাগে তুলনামূলক বেশি বৃষ্টি হতে পারে। একই সময়ে বঙ্গোপসাগরে আরও একটি লঘুচাপ সৃষ্টি এবং সমুদ্র উত্তাল থাকার সম্ভাবনার কথাও উল্লেখ করা হয়েছে।
এ ছাড়া আগস্টের ১৪ তারিখের পূর্ণগ্রাস সূর্যগ্রহণ এবং ২৮ আগস্টের চন্দ্রগ্রহণ—দুটি জ্যোতির্বৈজ্ঞানিক ঘটনাই বাংলাদেশ থেকে দেখা যাবে না বলে জানিয়েছে সংস্থাটি।
.png)





