logo

ঈদের দিন ঢাকায় দুই দফা বৃষ্টির আভাস

ঈদের দিন ঢাকায় দুই দফা বৃষ্টির আভাস
ছবি: সংগৃহীত

ঈদের দিন ঢাকাসহ দেশের প্রায় সব বিভাগেই বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। পাঁচ দিনের পূর্বাভাসে এ তথ্য জানায় আবহাওয়া অফিস।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ঈদের দিন বৃহস্পতিবার রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের প্রায় ২৬-৫০ শতাংশ এলাকায় এবং ঢাকাসহ অন্যান্য বিভাগের ১-২৫ শতাংশ এলাকায় বৃষ্টি হতে পারে।

আবহাওয়াবিদরা জানান, বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর এই পূর্বাভাস তৈরি করতে গাণিতিক মডেল ফলো করে থাকে। যেই মডেল অনুযায়ী তিনদিন আগে পর্যন্ত অনেকটাই সঠিক পূর্বাভাস দিতে পারে।

এই গাণিতিক মডেল পর্যবেক্ষণ করে আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক ঈদের দিন ঢাকায় কখন কতটুকু বৃষ্টিপাত হতে পারে সেরকম একটি ধারণা তুলে ধরেছেন।

তিনি জানান, ঈদের দিন রাজধানী ঢাকা শহরসহ ঢাকা বিভাগের বিভিন্ন জায়গায় বৃষ্টিপাত হতে পারে দুটি সময়ের মধ্যে। সেটি হল ভোর বেলা ও শেষ বিকেল।

তবে তিনি জানিয়েছেন, ঈদের দিন ঢাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকলেও ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা কম।

প্রতি ঈদে ঢাকায় ঈদের মূল জামাত অনুষ্ঠিত হয় সুপ্রিম কোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহ ময়দানে। এছাড়া বিভিন্ন মসজিদের বাইরেও ঈদের জামাত অনুষ্ঠিত হয়।

আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক বলেন, গাণিতিক মডেল অনুযায়ী আমরা যতটুকু দেখতে পাচ্ছি তাতে ঈদের দিন ভোর বেলায় থেকে সকাল ১০টা পর্যন্ত ঢাকা বিভাগের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

তিনি জানান, ঈদের দিনের প্রথম দফার বৃষ্টি ভোর বেলার মধ্যেই হওয়ার সম্ভাবনা বেশি। তবে সকাল ১০টা থেকে ১১টার পর থেকে বিকেল পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা খুব কম। এছাড়া ঈদের দিন শেষ বিকেল বা সন্ধ্যার দিকেও যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেটির পরিমাণও হতে পারে তুলনামূলক কম।

এই আবহাওয়াবিদ বলেন, ঈদের দিন ঢাকায় সর্বোচ্চ ১০ থেকে ২০ মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়ছে। সেটিও ঢাকা বিভাগের দুয়েকটি জায়গায়। সব জায়গায় নয়।

সূত্র: বিবিসি বাংলা