logo
Advertisement

আজও বজ্রসহ অতিভারী বৃষ্টির শঙ্কা

এশিয়া পোস্ট ডেস্ক
এশিয়া পোস্ট ডেস্ক
আজও বজ্রসহ অতিভারী বৃষ্টির শঙ্কা
ছবি: সংগৃহীত

কখনো টানা মুষলধারে, কখনো আবার হালকা থেকে মাঝারি বর্ষণ; গত দুদিন ধরে মেঘলা আকাশ আর বৃষ্টির এমন রূপ দেখছে রাজধানী ঢাকাবাসী। এ অবস্থায় নগরবাসীর জন্য স্বস্তিজনক আবহাওয়ার কোনো পূর্বাভাস দিতে পারেনি আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটি জানিয়েছে, সোমবার (১৩ জুলাই) দেশের বিভিন্ন স্থানে ফের ভারী থেকে অতিভারী বৃষ্টির শঙ্কা রয়েছে।

Advertisement

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ সোমবার (১৩ জুলাই) সন্ধ্যা ৬টার মধ্যে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে।

একইসঙ্গে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বর্ষণ হতে পারে। সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

এদিকে রাজধানী ঢাকার আবহাওয়া নিয়েও রয়েছে বাড়তি উদ্বেগ। এর আগে গত ২৪ ঘণ্টায় ঢাকায় সর্বোচ্চ ১৭৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়েছে, মৌসুমী বায়ুর অক্ষ পাঞ্জাব, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ হয়ে বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত।

মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে। এর প্রভাবে সোমবার সন্ধ্যা ৬টার পর থেকে পরবর্তী ২৪ ঘণ্টাতেও রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও খুলনা বিভাগের অধিকাংশ জায়গায় এবং ঢাকা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় বজ্রসহ বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে।

এ সময় কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বর্ষণ হতে পারে এবং সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।