ঝড়-বৃষ্টি ও তাপপ্রবাহ নিয়ে নতুন বার্তা

সিলেট অঞ্চলসহ দেশের কিছু কিছু জায়গায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। একইসঙ্গে চার জেলা ও দুই বিভাগে বয়ে যাওয়া তাপপ্রবাহ আব্যাহত থাকতে পারে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর পৃথক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য দেওয়া পূর্বাভাসে বলা হয়, সিলেট অঞ্চলের ওপর দিয়ে শুক্রবার দুপুর ১টার মধ্যে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।
এসব এলাকার নদীবন্দর সমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
এ ছাড়া আবহাওয়ার আরেক পূর্বাভাসে বলা হয়েছে, শুক্রবার সন্ধ্যা ৬টার মধ্যে ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
এছাড়া সারা দেশে দিনের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রী সেলসিয়াস বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। তবে, টাঙ্গাইল, ফরিদপুর, মানিকগঞ্জ ও নীলফামারী জেলাসহ রাজশাহী ও খুলনা বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা বিস্তার লাভ করতে পারে।