সকালের মধ্যে যেসব অঞ্চলে আঘাত হানতে পারে কালবৈশাখী ঝড়

দেশজুড়ে কয়েকদিন ধরেই বজ্রসহ বৃষ্টির সঙ্গে তীব্র কালবৈশাখী ঝড় বয়ে যাচ্ছে। এরই মধ্যে নতুন সতর্কবার্তায় জানানো হয়েছে শুক্রবার (১ মে) সকালের মধ্যেই দেশের বিভিন্ন অঞ্চলে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে ঝড় আঘাত হানতে পারে।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) রাতে দেওয়া সতর্কবার্তায় এ তথ্য জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
সতর্কবার্তায় বলা হয়, রাত ৮টা থেকে সকাল ৯টার মধ্যে রাজশাহী, পাবনা, যশোর, কুষ্টিয়া, ফরিদপুর, মাদারীপুর ও খুলনা অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঝড় বয়ে যেতে পারে। এ সময় ঝড়ের গতি ঘণ্টায় ৬০-৮০ কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে, সঙ্গে থাকতে পারে বজ্রসহ বৃষ্টি।
এসব এলাকার নদীবন্দরকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।
অন্যদিকে, ঢাকা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলেও ঝড়ের আশঙ্কা রয়েছে। তবে এসব এলাকায় ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে। এখানকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
এদিকে আলাদা এক পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বৃহস্পতিবার দুপুর থেকে পরবর্তী ৪৮ ঘণ্টায় দেশের রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগে কালবৈশাখী ঝড় আঘাত হানতে পারে। ঝড়ের সময় বাতাসের গতি কোথাও কোথাও ৮০ কিলোমিটারের বেশি হতে পারে। সেই সঙ্গে থাকতে পারে প্রাণঘাতী বজ্রপাত এবং বিচ্ছিন্নভাবে শিলাবৃষ্টি হতে পারে।