রোববার ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা, আজ যেমন থাকবে আবহাওয়া

দেশের কোথাও তাপপ্রবাহ না থাকলেও গতকাল রোববার গরমের অনুভূতি ছিল বেশি। এদিন দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে রাজধানী ঢাকায়। খুলনা আর চাঁদপুরেও একই তাপমাত্রা ছিল।
আজ সোমবারও (২৮ সেপ্টেম্বর) গরমের এই পরিস্থিতি থাকতে পারে। তবে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়া অধিদপ্তরের সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, রাজধানী ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। এ সময় আবহাওয়া শুষ্ক থাকতে পারে। পশ্চিম বা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে।
আজ সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা ছিল ২৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮৩ শতাংশ। আজকের সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস। গতকাল ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
গত ২৪ ঘণ্টায় ঢাকায় কোনো বৃষ্টিপাত রেকর্ড হয়নি। ফলে আজও দিনের বড় সময়জুড়ে গরম অনুভূত হতে পারে।
আবহাওয়াবিদরা বলছেন, তাপমাত্রা তাপপ্রবাহের কাছাকাছি থাকায় গরম বেশি অনুভূত হয়েছে। বাতাসে অতিরিক্ত আর্দ্রতার কারণেই এমন অনুভূতি হচ্ছে।
আজ সোমবার সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ৪৯ মিনিটে। আগামীকাল মঙ্গলবার সূর্যোদয় হবে ভোর ৫টা ৪৯ মিনিটে।
