বাড়বে দিনের তাপমাত্রা, রয়েছে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাসও

ঈদের দিন তাপমাত্রা কিছুটি বাড়তে পারে। একইসঙ্গে দেশের কোথাও কোথাও ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে।
বুধবার (২৭ মে) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, লঘুচাপের বর্ধিতাংশটি পশ্চিমবঙ্গ থেকে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিরাজমান রয়েছে। এ অবস্থায় বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার মধ্যে রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছ কিছু জায়গায় বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।
এ ছাড়া সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
পূর্বাভাসে আরও বলা হয়, শুক্রবার থেকে রোববার পর্যন্ত প্রায় সারা দেশেই বৃষ্টিপাত হতে পারে। কোথাও কোথাও ভারী বৃষ্টিও হতে পারে। এছাড়া বর্ধিত পাঁচ দিনের মধ্যে পূর্বমধ্য বঙ্গোপসাগর এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে।
