রাজধানীতে ২৪ ঘণ্টায় ৫৯ মিলিমিটার বৃষ্টি

এশিয়া পোস্ট ডেস্ক
রাজধানীতে ২৪ ঘণ্টায় ৫৯ মিলিমিটার বৃষ্টি
ছবি: সংগৃহীত

রাজধানী ঢাকা ও এর আশপাশের এলাকায় আগামী কয়েক ঘণ্টায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

বুধবার (৮ জুলাই) সকাল ৯টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এ সময় ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। দক্ষিণ অথবা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। পাশাপাশি বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, বুধবার সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা ছিল ২৭ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯৮ শতাংশ। মঙ্গলবার ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩২ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। আর বুধবারের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।

এদিকে, গত ২৪ ঘণ্টায় রাজধানীতে ৫৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

জ্যোতির্বৈজ্ঞানিক তথ্য অনুযায়ী, বুধবার ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে। আগামীকাল বৃহস্পতিবার সূর্যোদয় হবে ভোর ৫টা ১৮ মিনিটে।