১৩ জেলায় কালবৈশাখী ও বজ্রবৃষ্টির পূর্বাভাস

দেশের ১৩ জেলার ওপর দিয়ে সকাল ১১টার মধ্যে কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে। একই সঙ্গে এসব জেলায় বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
সোমবার (২৭ এপ্রিল) সকালে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, বগুড়া, জামালপুর, শেরপুর, ময়মনসিংহ, নেত্রকোনা, সুনামগঞ্জ, টাঙ্গাইল, সিরাজগঞ্জ, কিশোরগঞ্জ, হবিগঞ্জ, বান্দরবান, মৌলভীবাজার ও চট্টগ্রাম জেলার কিছু স্থানে সোমবার সকাল ১১টার মধ্যে কালবৈশাখী ঝড় এবং বজ্রবৃষ্টিহতে পারে। উল্লেখিত জেলাগুলোতে একাধিকবার বজ্রপাত শুরু হতে পারে।
আবহাওয়ার আরেক পূর্বাভাসে বলা হয়েছে, সোমবার সন্ধ্যার মধ্যে রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি হতে পারে। সেই সাথে রংপুর, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী বর্ষণ হতে পারে।
এ ছাড়া সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস কমতে পারে।