logo
Advertisement

সিলেটে ১৪২ মিলিমিটার বৃষ্টি, আগামী ৫ দিন নিয়ে আবহাওয়া অফিসের বার্তা

এশিয়া পোস্ট ডেস্ক
এশিয়া পোস্ট ডেস্ক
সিলেটে ১৪২ মিলিমিটার বৃষ্টি, আগামী ৫ দিন নিয়ে আবহাওয়া অফিসের বার্তা
রাজধানীতে মুষলধারে বৃষ্টির দৃশ্য। ছবি: এশিয়া পোস্ট

আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন অঞ্চলে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এর মধ্যে কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। একই সময়ে দেশের দিন ও রাতের তাপমাত্রায় সামান্য ওঠানামা হতে পারে।

শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার জন্য এ পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

পূর্বাভাসে বলা হয়েছে, উড়িষ্যা-অন্ধ্রপ্রদেশ উপকূলে থাকা লঘুচাপটি বর্তমানে দক্ষিণ ছত্তিশগড় ও এর আশপাশের এলাকায় অবস্থান করছে। মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, উত্তর প্রদেশ, লঘুচাপের কেন্দ্রস্থল, বিহার, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।

গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ ৩৫ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায়। সর্বনিম্ন ২২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল সিলেটে। এ সময়ে দেশের সর্বোচ্চ ১৪২ মিলিমিটার বৃষ্টিও হয়েছে সিলেটে।

আজ শনিবার রংপুর, ময়মনসিংহ, খুলনা ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও অস্থায়ীভাবে দমকা হাওয়া বয়ে যেতে পারে। দেশের কিছু এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিও হতে পারে। এ দিন সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

রোববার (১৩ সেপ্টেম্বর) রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

সোমবার (১৪ সেপ্টেম্বর) রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ দিন সারা দেশে তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

বুধবারের (১৬ সেপ্টেম্বর) আবহাওয়ার পূর্বাভাসও মঙ্গলবারের মতোই থাকবে। অর্থাৎ ওই দিনও দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। আগামী পাঁচ দিনে আবহাওয়ার পরিস্থিতিতে উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা নেই।

এদিকে আজ ঢাকায় দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস বইছে। সকাল ৬টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮৮ শতাংশ। আজ ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ৬ মিনিটে। আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৫টা ৪৪ মিনিটে।