logo

দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা, রাতের মধ্যে হতে পারে ঢাকায়

দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা, রাতের মধ্যে হতে পারে ঢাকায়
বৃষ্টিপাতের দৃশ্য । ফাইল ছবি

সারা দেশের সব বিভাগের বিভিন্ন অঞ্চলে হালকা ও মাঝারি মানের বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। এ সময় কোথাও কোথাও বজ্রপাত হতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদ, জলবায়ু গবেষক ও বিজ্ঞান লেখক মোস্তফা কামাল পলাশ।

শুক্রবার (৩০ অক্টোবর) ফেসবুকে নিজের আইডিতে এক পোস্টে তিনি এসব তথ্য জানান।

পোস্টে মোস্তফা কামাল পলাশ লেখেন, আজ দুপুর ১টা বেজে ৩০ মিনিটের পর থেকে আগামীকাল শনিবার সকাল ৮টার মধ্যে নিম্নলিখিত জেলাগুলোর ওপরে বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা রয়েছে।

খুলনা বিভাগ: সকল জেলায় মাঝারি থেকে ভারি মানের বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। দক্ষিণ দিকের জেলাগুলোর ওপরে অপেক্ষাকৃত বেশি পরিমাণে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দুপুর ১টা বেজে ৩০ মিনিটের পর থেকে বিকেল ৬টার মধ্যে।

বরিশাল বিভাগ: সকল জেলায় হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। দুপুর ২টার পর থেকে বিকেল ৬টার মধ্যে।

রাজশাহী বিভাগ: বিভিন্ন জেলার উপরে বিচ্ছিন্ন ভাবে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সম্ভব্য সময় দুপুর ২টার পর থেকে রাত ৮টার মধ্যে।

রংপুর বিভাগ: বিভিন্ন জেলার ওপরে বিচ্ছিন্ন ভাবে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পশ্চিম দিকের জেলাগুলোর ওপরে বিশেষ করে পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর, নীলফামারী জেলার ওপরে অপেক্ষাকৃত বেশি পরিমাণে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

ময়মনসিংহ বিভাগ: ময়মনসিংহ বিভাগের জেলাগুলোর উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে জামালপুর ও শেরপুর জেলার ওপরে।

চট্টগ্রাম বিভাগ: চট্টগ্রাম বিভাগের উত্তর দিকের কোনো কোনো জেলার ওপরে হালকা মানের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রাম জেলাগুলোর ওপরে বৃষ্টিপাতের সম্ভাবনা অপেক্ষাকৃত কম।

সিলেট বিভাগ: সন্ধ্যার পূর্বে সিলেট বিভাগের জেলাগুলোর ওপরে বৃষ্টিপাতের সম্ভাবনা অপেক্ষাকৃত কম। রাতে সুনামগঞ্জ ও সিলেট জেলার ওপরে অল্প পরিমাণে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

ঢাকা বিভাগ: ঢাকা বিভাগের দক্ষিণ-পশ্চিম দিকের জেলাগুলো বিশেষ করে রাজবাড়ী, ফরিদপুর, মাদারীপুর, শরীয়তপুর, মানিকগঞ্জ, টাঙ্গাইল, গাজীপুর, মুন্সিগঞ্জ ও ঢাকা জেলার ওপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দুপুর ২টার পর থেকে রাত ১০টার মধ্যে।

তিনি শেষে বলেন, ঢাকা শহরের ওপর বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিকেল ৪টার পর থেকে রাত ৮টার মধ্যে।