২৪ ঘণ্টায় প্লাবিত হতে পারে ৩ জেলার নিম্নাঞ্চল

দেশের কয়েকটি অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এতে নদনদীর পানি বেড়ে আগামী ২৪ ঘণ্টায় চট্টগ্রাম, বান্দরবান ও কক্সবাজারের নদীসংলগ্ন নিম্নাঞ্চল প্লাবিত শঙ্কা রয়েছে।
সোমবার (১৭ আগস্ট) এক পূর্বাভাসে এমন আশঙ্কার কথা জানিয়েছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।
এতে বলা হয়, উত্তরপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উপকূলীয় এলাকার অবস্থানরত লঘুচাপটি ঘনীভূত হয়ে বাংলাদেশের দক্ষিণপশ্চিমাঞ্চল-পশ্চিমবঙ্গ উপকূল ও তৎসংলগ্ন উত্তরপশ্চিম বঙ্গোপসাগর এলাকায় মৌসুমি নিম্নচাপ আকারে অবস্থান করছে। এটি আরও উত্তরপশ্চিম দিকে অগ্রসর হতে পারে।
আবহাওয়া সংস্থাগুলোর পূর্বাভাস অনুযায়ী, আগামী দুই দিন দেশের খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগ এবং এসব বিভাগের তৎসংলগ্ন উজানে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। এরপরের এক দিন দেশের অভ্যন্তর ও তৎসংলগ্ন উজানে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
এতে দেশের পূর্বাঞ্চল ও দক্ষিণ-পূর্বাঞ্চলের চট্টগ্রাম বিভাগের হালদা, সাঙ্গু, মাতামুহুরী, মুহুরী, সেলোনিয়া, ফেনী ও গোমতী নদীর পানি আগামী ২৪ ঘণ্টায় দ্রুত বাড়তে পারে। পরবর্তী দুই দিন এসব নদীর পানি স্থিতিশীল থাকতে পারে।
এ অবস্থায় আগামী ২৪ ঘণ্টায় চট্টগ্রাম, বান্দরবান ও কক্সবাজার জেলার কয়েকটি এলাকায় হালদা, সাঙ্গু ও মাতামুহুরী নদীর পানি সতর্ক সীমায় প্রবাহিত হতে পারে। ফলে নদী-সংলগ্ন নিম্নাঞ্চলের কোথাও কোথাও সাময়িক প্লাবনের আশঙ্কা রয়েছে।
বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ব্রহ্মপুত্র-যমুনা ও গঙ্গা-পদ্মা নদনদীর পানি সমতল কমেছে। আগামী দুই দিন এসব নদনদীর পানি সমতল স্থিতিশীল থাকতে পারে। এরপর তিন দিন পানি বাড়তে পারে। তবে এ সময়ে এসব নদনদীর পানি বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হতে পারে।
এদিকে গত ২৪ ঘণ্টায় দেশের উত্তরাঞ্চলের তিস্তা, ধরলা ও দুধকুমার নদীর পানিও কমেছে। আগামী এক দিন এসব নদীর পানি সমতল স্থিতিশীল থাকতে পারে। পরবর্তী দুই দিন পানি বাড়ার সম্ভাবনা রয়েছে।
এ ছাড়া আগামী তিন দিন দেশের উত্তর-পূর্বাঞ্চলের সুরমা-কুশিয়ারা নদীর পানি সমতল স্থিতিশীল থাকতে পারে।



