সেপ্টেম্বরে বন্যার শঙ্কা, হতে পারে তাপপ্রবাহ ও বজ্রঝড়

চলতি সেপ্টেম্বর মাসে দেশের উত্তর, উত্তর-পূর্ব ও দক্ষিণ-পূর্বাঞ্চলের কিছু এলাকায় ভারী বৃষ্টিপাতের কারণে স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে। একই সঙ্গে এ মাসে বঙ্গোপসাগরে একাধিক মৌসুমি লঘুচাপ সৃষ্টি এবং কয়েক দফায় মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ ও বজ্রঝড়ের আশঙ্কা রয়েছে।
সেপ্টেম্বর মাসের দীর্ঘমেয়াদি আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
পূর্বাভাসে বলা হয়েছে, চলতি মাসে দেশে স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টিপাত হতে পারে। এ সময়ে বঙ্গোপসাগরে ১ থেকে ৩টি মৌসুমি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এর মধ্যে একটি লঘুচাপ নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে।
এ ছাড়া সেপ্টেম্বর মাসে দেশে ৩ থেকে ৫ দিন বজ্রঝড় হতে পারে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, চলতি মাসে দেশের দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি থাকতে পারে। এ সময়ে ২ থেকে ৩টি মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যেতে পারে।
মৃদু তাপপ্রবাহ বলতে ৩৬ থেকে ৩৭ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস এবং মাঝারি তাপপ্রবাহ বলতে ৩৮ থেকে ৩৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাকে বোঝানো হয়েছে।
পূর্বাভাসে আরও বলা হয়েছে, সেপ্টেম্বর মাসে দেশের প্রধান নদ-নদীগুলোয় স্বাভাবিক প্রবাহ থাকতে পারে। তবে ভারী বৃষ্টিপাতের কারণে দেশের উত্তরাঞ্চল, উত্তর-পূর্বাঞ্চল ও দক্ষিণ-পূর্বাঞ্চলের কিছু এলাকায় স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে।
এদিকে চলতি মাসে দৈনিক গড় বাষ্পীভবন ২ দশমিক ৫ থেকে ৪ দশমিক ৫ মিলিমিটার এবং গড় উজ্জ্বল সূর্যকিরণকাল ৪ দশমিক ৫ থেকে ৬ দশমিক ৫ ঘণ্টা থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।



