শনিবার সকালের মধ্যে ১১ জেলায় হতে পারে ঝড়

রাজধানীসহ সারা দেশের বিভিন্ন জেলায় বৃষ্টিপাত হয়েছে। এর ফলে তাপমাত্রার দাপট কিছু কমেছে। তবে দেশের সর্বোচ্চ তাপমাত্রা এখনো ৩৫ ডিগ্রির ঘরেই বিরাজ করছে।
এ অবস্থায় শনিবার (১৩ জুন) সকালের মধ্যেই দেশের ১১ জেলায় ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়াবিদ ওমর ফারুকে সই করা এক বার্তায় বলা হয়, শনিবার সকাল ৯টার মধ্যে ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেটের ওপর দিয়ে পূর্ব অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।
এদিকে শুক্রবার (১২ জুন) সন্ধ্যায় রাজধানী ঢাকায় দেশের সর্বোচ্চ ৩৫ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর। পাশাপাশি এই সময়ে ফেনীতে দেশের সর্বোচ্চ ১০৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
এ ছাড়া গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের আমবাগানে ৬৪ মিলিমিটার ছাড়াও মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ৫৮, মানিকগঞ্জের আরিচায় ৫৭, ঢাকায় ৪৩, ফরিদপুরে ৪১, গোপালগঞ্জে ৩২ মিলিমিটারসহ দেশের বেশির ভাগ অঞ্চলে বৃষ্টি হয়েছে।
দেশের সব বিভাগে আগামী এক সপ্তাহ ঝড়বৃষ্টি ও ভারী বর্ষণের প্রবণতা অব্যাহত থাকতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
