logo

রাজধানীতে রাতে তাপমাত্রা অস্বাভাবিক বাড়ছে যে কারণে

রাজধানীতে রাতে তাপমাত্রা অস্বাভাবিক বাড়ছে যে কারণে
ছবি : সংগৃহীত

রাজধানীতে এই প্রথমবারের মতো তাপপ্রবাহ শুরু হয়েছে আজ। নগরীতে দিনভর ভ্যাপসা গরম অনুভূত হয়। এতে বেশি কষ্টে পড়েছেন রাস্তায় কাজ করা শ্রমজীবী মানুষ। এর ফলে রাতের তাপমাত্রাও বৃদ্ধি পেয়েছে, এমনটাই বলছেন আবহাওয়াবিদরা।

গতকাল মঙ্গলবার (১৯ মে) রাতে রাজধানীর তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ৬ ডিগ্রি সেলসিয়াস বেশি ছিল। এর প্রভাব পড়েছে আজ সারা দিন। এ অবস্থা আরও দু-এক দিন থাকতে পারে বলে জানিয়েছেন আবহাওয়া বিশেষজ্ঞরা।

আর ঢাকাসহ দেশের সাত জেলায় তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। রাজধানীতে আজ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এর আগে ১৯ মে (মঙ্গলবার) ৩৬ দশমিক ৬ ডিগ্রি রেকর্ড করা হয় যশোরে।

কোনো এলাকার তাপপ্রবাহ ৩৬ থেকে ৩৭ দশমিক ৯ ডিগ্রি হলেই তাকে মৃদু তাপপ্রবাহ বলা হয়, মাঝারি তাপপ্রবাহ ৩৮ থেকে ৩৯ দশমিক ৯ ডিগ্রি এবং তীব্র তাপপ্রবাহ ধরা হয় ৪০ থেকে ৪১ দশমিক ৯ ডিগ্রিকে।

এক পূর্বাভাসে আবহাওয়াবিদ মো. আবুল কালাম মল্লিক জানিয়েছেন, রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, ঢাকা, টাঙ্গাইল, খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, যশোর ও চাঁদপুরের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে।

ঢাকা ছাড়াও আজ বাগেরহাটে ৩৭ ডিগ্রি সেলসিয়াস, যশোরে ৩৬ দশমিক ৮, সাতক্ষীরায় ৩৬ দশমিক ৪, খুলনায় ৩৬ দশমিক ২, পাবনা ও রাজশাহীতে ৩৬ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বয়ে যাচ্ছে। এর মধ্যে বাগেরহাটের তাপমাত্রা আজ দেশের সর্বোচ্চ।

রাজধানীতে আজ গরমের তীব্র অনুভূতির প্রধান কারণ রাতের তাপমাত্রা বা সর্বনিম্ন তাপমাত্রার অস্বাভাবিক বৃদ্ধি। এ তাপমাত্রা হলো ২৮ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস।

মুহাম্মদ আবুল কালাম মল্লিক গণমাধ্যমকে জানান, রাজধানীর সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ৬ ডিগ্রি সেলসিয়াস বেশি। আজ দিনে গরম বাড়ার কারণ এই অস্বাভাবিক তাপমাত্রা। এ সময় দিনের তাপমাত্রা ৩৬ ডিগ্রি রাজধানীর জন্য খুব বেশি নয়। কিন্তু গরমের অনুভূতি হচ্ছে অনেক বেশি।

তিনি আরও বলেন, চলতি মাসের শুরু থেকেই দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি শুরু হয়। বছরের দ্বিতীয় সর্বোচ্চ মাস মে তার নিজ রূপে আবির্ভূত হয়নি এত দিন। প্রায় চার দিন ধরে দেশের বিভিন্ন স্থানে তাপপ্রবাহ বয়ে গেছে। তবে রাজধানীতে আজই প্রথম।

আগামী অন্তত দুই দিন এমন গরম এবং বিচ্ছিন্নভাবে তাপপ্রবাহ থাকতে পারে বলে জানিয়েছেন এই আবহাওয়াবিদ।

আজ রাজধানীসহ বিভিন্ন এলাকায় তাপপ্রবাহ বয়ে গেলেও বৃষ্টি হচ্ছে বিভিন্ন এলাকায়।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ময়মনসিংহ ও টাঙ্গাইলের একাধিক এলাকায় আজ বৃষ্টি হয়েছে। রাজধানীতে বৃষ্টির সম্ভাবনা আছে, তবে তা হতে পারে সামান্য।