বুধবার পর্যন্ত সারা দেশে আবহাওয়া যেমন থাকবে

দেশের কিছু কিছু জায়গায় বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা ওঠানামা করতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
শনিবার (১৮ এপ্রিল) সকাল ৯টা থেকে পবরর্তী ১২০ ঘণ্টার পূবার্ভাসে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিম বঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে। এ অবস্থায় শনিবার থেকে বুধবার পর্যন্ত দেশের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
এছাড়া এ সময়ে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
তাপমাত্রার বিষয়ে পূর্বাভাসে বলা হয়, বুধবার পর্যন্ত সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা কিছুটা ওঠানামা করতে পারে। তবে, বর্ধিত পাঁচ দিনে তাপমাত্রা বাড়তে পারে।
গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ৩৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাজশাহীতে। সর্বনিম্ন ২১ দশমিক ৫ ছিল রাঙ্গামাটিতে।