logo

সকালের মধ্যে বজ্রবৃষ্টির শঙ্কা, নদীবন্দরে সতর্কতা জারি

সকালের মধ্যে বজ্রবৃষ্টির শঙ্কা, নদীবন্দরে সতর্কতা জারি
ছবি: সংগৃহীত

দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য একটি বিশেষ আবহাওয়া পূর্বাভাস জারি করেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। বৃহস্পতিবার (১৪ মে) রাত ৯টা থেকে শুক্রবার (১৫ মে) সকাল ৯টা পর্যন্ত এই পূর্বাভাস কার্যকর থাকবে।

আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক স্বাক্ষরিত এই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে, ঢাকা ও কুমিল্লা অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এই বৈরী আবহাওয়ার কারণে এসব এলাকার নদীবন্দরসমূহকে ১ নম্বর (পুনঃ) ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। নদীপথে চলাচলকারী নৌযানগুলোকে সাবধানতা অবলম্বনের পরামর্শ দিয়েছে আবহাওয়া অফিস।

এর আগে, ড. মো. আবুল কালাম মল্লিক বৃহস্পতিবার থেকে পরবর্তী ১২০ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে জানিয়েছেন, দক্ষিণ-পশ্চিম ও পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করা লঘুচাপটি ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপ আকারে একই এলাকায় অবস্থান করছে।

রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায়; রাজশাহী, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে।

সেই সঙ্গে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানান তিনি।