টানা বৃষ্টির মধ্যে ১৯ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস

এশিয়া পোস্ট ডেস্ক
টানা বৃষ্টির মধ্যে ১৯ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
ছবি: সংগৃহীত

মৌসুমি বায়ুর প্রভাবে গত তিন দিন ধরেই বাংলাদেশের বিভিন্ন স্থানে হালকা থেকে ভারী বৃষ্টি হচ্ছে। এতে নদ-নদীর পানি বেড়ে অনেক জায়গায় আকস্মিক বন্যা পরিস্থিতিও তৈরি হয়েছে, ঘটেছে পাহাড়ধসের ঘটনাও।

মৌসুমি বায়ুর সক্রিয় প্রভাবে টানা কয়েক দিনের বৃষ্টিতে দেশের বিভিন্ন জেলায় বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। নদ-নদীর পানি বৃদ্ধি পাওয়ায় তলিয়ে গেছে নদীসংলগ্ন নিম্নাঞ্চল। আকস্মিক বন্যা পরিস্থিতির কারণে ঘটেছে পাহাড়ধসের ঘটনাও। এরই মধ্যে গত ২৪ ঘণ্টায় দেশে সর্বোচ্চ ১৪৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর।

এমন দুর্ভোগ পরিস্থিতিতে শনিবার (১১ জুলাই) রাতের মধ্যে দেশের ১৯ জেলার ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। পূর্বাভাসে বলা হয়েছে, ঝড়ের সঙ্গে বজ্রপাত ও বৃষ্টিও হতে পারে। তাই সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।

জেলাগুলো হলো—রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, কুষ্টিয়া, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট।

আবহাওয়াবিদ ওমর ফারুক জানিয়েছেন, শনিবার বিকেল সাড়ে ৩টা থেকে রাত ১টা পর্যন্ত ১৯ জেলার বিভিন্ন অঞ্চলগুলোর ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণপূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

এদিকে দেশজুড়ে দাপটে থাকতে পারে আষাঢ়ের বৃষ্টি। আগামী পাঁচ দিন বৃষ্টিপাত অব্যাহত তাকতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক।

তিনি জানান, বঙ্গোপসাগরের লঘুচাপ ও সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে আগামী পাঁচ দিন দেশজুড়েই বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। এ সময় দেশের বিভিন্ন স্থানে মাঝারি থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। তবে আগামী মঙ্গলবার পর্যন্ত দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এরপর বুধবার ও বৃহস্পতিবার দিনের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে।