logo
Advertisement

আট বিভাগে বৃষ্টিপাতের আভাস, কোথাও হতে পারে ভারী বর্ষণ

এশিয়া পোস্ট ডেস্ক
আট বিভাগে বৃষ্টিপাতের আভাস, কোথাও হতে পারে ভারী বর্ষণ
রাজধানীর পল্টন এলাকায় বৃষ্টিপাতের দৃশ্য। ছবি: এশিয়া পোস্ট

দেশের ওপর মৌসুমি বায়ু মোটামুটি সক্রিয় থাকায় আগামী ১২০ ঘণ্টা বা ৫ দিনজুড়ে দেশের বিভিন্ন স্থানে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি অব্যাহত থাকতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

Advertisement

শুক্রবার (২৮ আগস্ট) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। এ সময়ে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।

আবহাওয়া সংক্রান্ত বুলেটিনে জানানো হয়, মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, পাঞ্জাব, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।

আগামী চার দিনের পূর্বাভাস:

২৯ আগস্ট: আগের দিনের মতোই দেশের অধিকাংশ বিভাগে বৃষ্টিপাত অব্যাহত থাকবে এবং তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে।

৩০ আগস্ট: খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগে বৃষ্টির প্রবণতা বাড়বে। এ দিন সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পাওয়ার সম্ভাবনা রয়েছে।

৩১ আগস্ট ও ১ সেপ্টেম্বর: রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। ৩১ আগস্ট তাপমাত্রা সামান্য কমলেও ১ সেপ্টেম্বর থেকে তাপমাত্রা আবার অপরিবর্তিত থাকতে পারে।

পরবর্তী বর্ধিত ৫ দিনের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, এই বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে।

আজ ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ৬টা ২১ মিনিটে এবং আগামীকাল শনিবার সূর্যোদয় হবে ভোর ৫টা ৩৯ মিনিটে। আজ সকালে ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯০ শতাংশ।