সকালের মধ্যে ৯ জেলার ওপর একাধিক কালবৈশাখীর আশঙ্কা

তীব্র গরমের পর দেশের বিভিন্ন এলাকায় স্বস্তির বৃষ্টি নামলেও সঙ্গে দেখা দিয়েছে কালবৈশাখী ঝড়ের তাণ্ডব। এরই মধ্যে দেশের তিন বিভাগের ৯ জেলার ওপর কালবৈশাখী ঝড় ও কয়েকটি জেলার ওপর দিয়ে বজ্রপাতসহ একাধিক ঝড় অতিক্রম করার আশঙ্কা প্রকাশ করেছেন আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ।
সোমবার (২৭ এপ্রিল) রাতে কালবৈশাখী ঝড় ও বজ্রপাত পূর্বাভাসের এ তথ্য জানিয়েছেন তিনি। এ সময় তিনি সম্ভাব্য অঞ্চলগুলোর একটি চিত্র (গ্রাফ) শেয়ার করেন।
পোস্টে তিনি বলেন, ‘আজ রাত ১ টা বেজে ১৫ মিনিটের সময় সর্বশেষ পাওয়া তথ্য অনুসারে, সিলেট ও চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলার ওপরে দিয়ে একাধিক কালবৈশাখী ঝড় অতিক্রম করার প্রমাণ পাওয়া গেছে। আজ রাত ১টা বেজে ১৫ মিনিটের পর থেকে সকাল ৮টার মধ্যে কমপক্ষে ২ থেকে ৩টি কাবৈশাখী ঝড় অতিক্রম করার প্রবল আশঙ্কা করা যাচ্ছে।’
তিনি আরও লেখেন, ‘এই দুই বিভাগের বিভিন্ন জেলার ওপর দিয়ে। বিশেষ করে সিলেট ও চট্টগ্রাম বিভাগের নিম্নলিখিত জেলাগুলোর ওপর দিয়ে আজ রাতে তীব্র বজ্রপাতসহ একাধিক ঝড় অতিক্রম করার আশঙ্কা করা যাচ্ছে।’
জেলাগুলো হলো
সিলেট বিভাগ : সুনামগঞ্জ, সিলেট, হবিগঞ্জ, মৌলভীবাজার।
চট্টগ্রাম বিভাগ : খাগড়াছড়ি, বান্দরবন, রাঙামাটি, চট্টগ্রাম, কক্সবাজার।
ময়মনসিংহ বিভাগ : নেত্রকোনা, ময়মনসিংহ ও শেরপুর (সীমান্ত এলাকার উপজেলাগুলো)।
বিশেষ দ্রষ্টব্য দিয়ে মোস্তফা কামাল লেখেন, ‘নিচের ছবিতে উল্লেখিত নম্বর অনুসারে ঝড়গুলো একের পর এক সিলেট ও চট্টগ্রাম বিভাগের ওপর দিয়ে অতিক্রম করার প্রবল আশঙ্কা করা যাচ্ছে আজ রাতে।’
এদিকে দেশের কয়েকটি অঞ্চলের ওপর দিয়ে ঝড় বয়ে যাওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে বজ্রসহ বৃষ্টিও হতে পারে বলে জানিয়েছে সংস্থাটি। সোমবার (২৭ এপ্রিল) রাত ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
এর আগে আরেক পূর্বাভাসে বলা হয়েছে, মঙ্গলবার সকাল ৯টার মধ্যে রংপুর, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায়; রাজশাহী ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় বজ্রবৃষ্টি হতে পারে। এ ছাড়া রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী বর্ষণ হতে পারে বলেও বিজ্ঞপ্তিতে বলা হয়।