logo
Advertisement

দূষিত শহরের তালিকায় আবারও ঢাকা

এশিয়া পোস্ট ডেস্ক
এশিয়া পোস্ট ডেস্ক
দূষিত শহরের তালিকায় আবারও ঢাকা
ছবি : সংগৃহীত

সকালে ঘুম থেকে উঠেই রাজধানীবাসীকে আবারও মুখোমুখি হতে হলো ধুলো আর ধোঁয়াভরা বাতাসের। বিশ্বজুড়ে বায়ুমানের পরিস্থিতি পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ারের সর্বশেষ তালিকায় আজও দূষিত শহরের তালিকায় ওপরের দিকেই রয়েছে ঢাকা।

রোববার (৭ জুন) সকাল পৌনে ৮টার দিকে প্রকাশিত আইকিউএয়ারের লাইভ র‍্যাংকিং অনুযায়ী, বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় ঢাকার অবস্থান ছিল পঞ্চম।

এ সময় রাজধানীর এয়ার কোয়ালিটি ইনডেক্স বা একিউআই স্কোর রেকর্ড করা হয় ১২৯। এই মাত্রাকে আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর ধরা হয়।

অর্থাৎ সাধারণ মানুষের জন্য পরিস্থিতি সহনীয় হলেও শিশু, বয়স্ক ব্যক্তি এবং হাঁপানি বা শ্বাসতন্ত্রের সমস্যায় আক্রান্তদের জন্য এই বাতাস ক্ষতিকর হতে পারে।

আজকের তালিকায় ২১১ একিউআই স্কোর নিয়ে শীর্ষে রয়েছে ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর রাজধানী কিনশাসা। শহরটির বাতাসকে খুবই অস্বাস্থ্যকর হিসেবে উল্লেখ করা হয়েছে।

এরপর রয়েছে ইন্দোনেশিয়ার জাকার্তা (একিউআই ১৬৫), পাকিস্তানের লাহোর (একিউআই ১৫৫) ও চিলির সান্তিয়াগো (একিউআই ১৫১)

অন্যদিকে ঢাকার পরের অবস্থানগুলোতে রয়েছে চীনের উহান (একিউআই ১২২) ও সেনেগালের ডাকার (একিউআই ১১০)।

এ ছাড়া ভারতের কলকাতা, ইরাকের বাগদাদ এবং পাকিস্তানের করাচিও দূষিত শহরের তালিকার শীর্ষ দশে জায়গা পেয়েছে। তবে এসব শহরের বাতাস মাঝারি মানের হিসেবে বিবেচিত হয়েছে।

জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, একিউআই ১০১ থেকে ১৫০-এর মধ্যে থাকলে সংবেদনশীল ব্যক্তিদের জন্য স্বাস্থ্যঝুঁকি তৈরি হতে পারে। এ সময় বাইরে বের হলে মাস্ক ব্যবহার করা এবং দীর্ঘ সময় খোলা পরিবেশে অবস্থান এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়।

বিশেষ করে যাদের হাঁপানি, অ্যালার্জি বা ফুসফুসের সমস্যা রয়েছে, তাদের বাড়তি সতর্ক থাকতে বলা হয়েছে।

আজকের তালিকায় সবচেয়ে পরিচ্ছন্ন বাতাসের শহর হিসেবে উঠে এসেছে থাইল্যান্ডের ব্যাংকক। শহরটির একিউআই স্কোর ছিল মাত্র ১৫।