চট্টগ্রামে ভারী বৃষ্টি আভাস, পাহাড়ধসের সতর্কতা জারি

এশিয়া পোস্ট ডেস্ক
চট্টগ্রামে ভারী বৃষ্টি আভাস, পাহাড়ধসের সতর্কতা জারি
ছবি: সংগৃহীত

আগামী ১২ জুলাই পর্যন্ত চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলায় টানা ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। এতে পাহাড়ধস, পাহাড়ি ঢল এবং নিচু এলাকায় আকস্মিক জলাবদ্ধতা বা বন্যার ঝুঁকি তৈরি হতে পারে বলে সতর্ক করেছে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম।

মঙ্গলবার (৭ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পূর্বাভাসে সংস্থাটি জানায়, নোয়াখালী, ফেনী, চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, রাঙামাটি, খাগড়াছড়ি ও কুমিল্লার বিভিন্ন এলাকায় কয়েক দিন ধরে নিয়মিত ভারী বৃষ্টি হতে পারে। ইতোমধ্যে কয়েকটি স্থানে পাহাড়ধসের ঘটনাও ঘটেছে। তাই পাহাড়ি অঞ্চলের বাসিন্দাদের সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।

পূর্বাভাসে আরও বলা হয়, অতিভারী বৃষ্টিপাতের কারণে পাহাড়ি ঢলের সৃষ্টি হতে পারে। এতে কয়েকটি জেলার নদ-নদীর পানি দ্রুত বেড়ে বিপৎসীমা অতিক্রম করতে পারে এবং নদীতীরবর্তী নিচু এলাকায় আকস্মিক বন্যা দেখা দিতে পারে। এ পরিস্থিতিতে স্থানীয় বাসিন্দাদের প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

তবে কুমিল্লা, ফেনী ও নোয়াখালীর নদ-নদীর পানি বাড়লেও তাৎক্ষণিকভাবে বন্যার আশঙ্কা নেই বলে জানিয়েছে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম। পরিস্থিতির পরিবর্তন হলে সে বিষয়ে আগাম তথ্য দেওয়া হবে বলেও উল্লেখ করা হয়েছে।

অন্যদিকে, মঙ্গলবার থেকে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগেও বৃষ্টিপাতের পরিমাণ বাড়তে পারে। ভারী বর্ষণ এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে এসব অঞ্চলের নদ-নদীর পানি বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে।

বিশেষ করে নেত্রকোণা, সুনামগঞ্জ, সিলেট, মৌলভীবাজার, কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারী ও রংপুর জেলার নিচু এলাকাগুলোতে পানি প্রবেশ করে সাময়িক প্লাবনের পরিস্থিতি তৈরি হতে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।