উপকূলে আঘাত হানল ঘূর্ণিঝড় ‘অর্ণব’, প্রভাব পড়তে পারে বাংলাদেশের যেসব অঞ্চলে

বঙ্গোপসাগরে সৃষ্ট অতি প্রবল ঘূর্ণিঝড় ‘অর্ণব’ ইতিমধ্যে ভারতের অন্ধ্রপ্রদেশের উপকূলে ঘণ্টায় ১৪০ কিলোমিটার গতির বাতাসের শক্তি নিয়ে আঘাত হেনেছে। ঘূণিঝড় ‘অর্ণব’-এর প্রভাবে পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশের চার বিভাগে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
বুধবার (২৮ অক্টোবর) থেকে আগামী দুদিন বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছেন কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ। নিজের ফেসবুকে দেওয়া পোস্টে তিনি বলেন, আজ খুলনা, চট্টগ্রাম, রাজশাহী ও রংপুর বিভাগের বিভিন্ন জেলার ওপরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
মোস্তফা কামাল পলাশ আরও লিখেছেন, ঢাকা শহরের ওপর চলমান বজ্রপাত সকাল ৬টা পর্যন্ত এবং বৃষ্টিপাত সকাল ৭টা পর্যন্ত স্থায়ী হওয়ার আশঙ্কা করা যাচ্ছে।
তিনি বলেন, চট্টগ্রাম বিভাগে দুপুর ২টার পর থেকে রাত ৮টা, খুলনা বিভাগে দুপুর ৩টার পর থেকে রাত ১২টার মধ্যে, রাজশাহী বিভাগে বিকেল ৫টার পর থেকে রাত ৩টার মধ্যে, রংপুর বিভাগে সন্ধ্যা ৭টার পর থেকে ভোর ৬টার মধ্যে, ময়মনসিংহ বিভাগে রাত ১০টার পর থেকে ভোর ৬টার মধ্যে এবং সিলেট বিভাগে রাত ১০টার পর থেকে ভোর ৬টার মধ্যে বৃষ্টিপাত হতে পারে।
তিনি আরও লিখেছেন, বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দিনের বিভিন্ন সময়ে দেশের বেশির ভাগ জেলার উপরে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিন ঢাকা শহরের বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুপুর ১২টার পর থেকে বিকেল ৬টার মধ্যে।
পরদিন খুলনা, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও রংপুর বিভাগের বিভিন্ন জেলা। অপেক্ষাকৃত বেশি পরিমাণে বৃষ্টির সম্ভাবনা রয়েছে রংপুর ও রাজশাহী বিভাগের জেলাগুলোর উপরে বলে জানান এই আবহাওয়াবিদ।


