গরম নিয়ে দুঃসংবাদ

দেশের কিছু কিছু জায়গায় বৃষ্টি হলেও সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা আরও বাড়ার আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। সোমবার (২০ এপ্রিল) সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, লঘুচাপের বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এ অবস্থায় সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা বাড়তে পারে। অর্থাৎ সপ্তাহজুড়ে গরমের তীব্রতা থাকবে। তবে, আগামী সপ্তাহে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে।
এছাড়া চলতি সপ্তাহে ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, রাজশাহী, রংপুর ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। সেই সাথে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
আবহাওয়ার পূর্বাভাসে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ৩৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাঙ্গামাটিতে। সর্বনিম্ন ২০ দশমিক আট ডিগ্রি তাপমাত্রা ছিল সিলেটে।