কয়েক বিভাগে বৃষ্টির পূর্বাভাস

দেশের কয়েকটি বিভাগে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে আগামী কয়েক দিনে তাপমাত্রা বাড়ারও আভাস দেওয়া হয়েছে।
সোমবার (২৩ মার্চ) সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, প্রথম দিনে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের এক বা দুই স্থানে অস্থায়ী দমকা হাওয়া, বজ্রপাত ও বৃষ্টি হতে পারে। দেশের অন্যান্য এলাকায় আকাশ আংশিক মেঘলা থাকতে পারে এবং আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে।
পূর্বাভাস অনুযায়ী, দ্বিতীয় দিনে অর্থাৎ ২৪ মার্চ বৃষ্টির পরিধি কিছুটা বাড়তে পারে। এ সময় রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও বৃষ্টি হতে পারে। ২৫ মার্চ ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগেও একই ধরনের আবহাওয়া বিরাজ করতে পারে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এই সময়ের মধ্যে দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে এবং রাতের তাপমাত্রাও সামান্য বৃদ্ধি পেতে পারে। তবে ২৬ ও ২৭ মার্চ দিনে তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
পূর্বাভাসে আরও বলা হয়েছে, পাঁচ দিনের শেষে বৃষ্টির প্রবণতা কিছুটা বাড়ার সম্ভাবনা রয়েছে।
এদিকে ঢাকায় সোমবার সকাল ৬টায় বাতাসের আর্দ্রতা ছিল ৮৮ শতাংশ। পশ্চিম বা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।
আবহাওয়াবিদরা বলছেন, মৌসুমি পরিবর্তনের এই সময়ে তাপমাত্রা বৃদ্ধি এবং বিচ্ছিন্ন বৃষ্টিপাত স্বাভাবিক ঘটনা। তবে তাপমাত্রা বাড়ার সঙ্গে ভ্যাপসা গরমও বাড়তে পারে বলে সতর্ক করেছেন তারা।