চট্টগ্রামে ৪২ বছরের রেকর্ড বৃষ্টি, পাহাড়ি ঢল ও ধসের চরম ঝুঁকি

এশিয়া পোস্ট নিউজ
চট্টগ্রামে ৪২ বছরের রেকর্ড বৃষ্টি, পাহাড়ি ঢল ও ধসের চরম ঝুঁকি
বৃষ্টিতে ডুবে গেছে চট্টগ্রামের পথ-ঘাট। ছবি: সংগৃহীত

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ এবং সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে চট্টগ্রামসহ দেশের বিস্তীর্ণ অঞ্চলে অস্বাভাবিক ভারী থেকে অতি ভারী বর্ষণ অব্যাহত রয়েছে। মঙ্গলবার (৭ জুলাই) চট্টগ্রাম শহরে ২৪ ঘণ্টায় রেকর্ড ৪১২.৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর, যা গত ৪২ বছরের মধ্যে সর্বোচ্চ।

আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ বশির আহমদ বলেন, টানা ভারী বর্ষণে চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ৪১২ দশমিক ৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর। পতেঙ্গা আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, এটি গত ৪২ বছরের মধ্যে বন্দরনগরীতে এক দিনে সর্বোচ্চ বৃষ্টিপাতের রেকর্ড। ভারী বর্ষণের কারণে নগরীর নিম্নাঞ্চলে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে।

আবহাওয়া অফিস জানায়, মৌসুমি বায়ু সক্রিয় থাকায় আগামী কয়েক দিন ভারী থেকে অতি ভারী বর্ষণ অব্যাহত থাকতে পারে। ফলে জলাবদ্ধতা ও পাহাড়ধসের ঝুঁকি বজায় থাকবে।

এদিকে বুধবার (৮ জুলাই) আবহাওয়া ও জলবায়ু বিষয়ে পিএইচডি গবেষক মোস্তফা কামাল পলাশ ফেসবুকে এক পোস্টে লেখেন, উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের ওপর একটি নিম্নস্তরের ঘূর্ণাবর্ত বিদ্যমান থাকায় আর্দ্র বায়ুর অভিসরণ আরও বৃদ্ধি পাচ্ছে। ফলে একই এলাকায় বারবার মেঘের সৃষ্টি ও বজ্রসহ ভারী বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। ফলে, আজ বুধবারও (৮ জুলাই) চট্টগ্রাম, বরিশাল, ঢাকা, ময়মনসিংহ, রাজশাহী ও সিলেট বিভাগের বিভিন্ন জেলায় মাঝারি থেকে ভারী, কোথাও কোথাও অতি ভারী বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা রয়েছে।

এই গবেষক লেখেন, বিশেষ করে চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, রাঙামাটি ও খাগড়াছড়ি জেলায় পাহাড়ি ঢল, আকস্মিক বন্যা এবং পাহাড়ধসের ঝুঁকি এখনও উচ্চ পর্যায়ে রয়েছে। এসব এলাকার বাসিন্দাদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের অনুরোধ করা হচ্ছে।