logo

সারাদিন যেসব জেলায় ভারী বৃষ্টি হতে পারে

সারাদিন যেসব জেলায় ভারী বৃষ্টি হতে পারে

ঢাকা শহরসহ দেশের বেশ কয়েকটি জেলায় প্রায় সারাদিন তীব্র বজ্রপাতসহ মাঝারি থেকে ভারি বৃষ্টিপাত হতে পারে। মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ তার ফেসবুকে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান। 

তিনি লিখেছেন, ঢাকা শহরসহ ঢাকা, চট্টগ্রাম, সিলেট ও ময়মনসিংহ বিভাগের জেলাগুলোর ওপরে প্রায় সারাদিন তীব্র বজ্রপাতসহ মাঝারি থেকে ভারি বৃষ্টিপাত হতে পারে। 

‘বিশেষ করে ঢাকা বিভাগের নরসিংদী, গাজীপুর, কিশোরগঞ্জ; চট্টগ্রাম বিভাগের ব্রাক্ষণবাড়িয়া, কুমিল্লা, ফেনী, খাগড়াছড়ি, চট্টগ্রাম এবং সিলেট বিভাগের হবিগঞ্জ, মৌলভীবাজার ও সিলেট জেলার ওপরে আজ (মঙ্গলবার) সারাদিন ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের প্রবল আশঙ্কা করা যাচ্ছে।’

মোস্তফা কামাল পলাশ আরও লিখেছেন, বৃষ্টিপাত উত্তর থেকে দক্ষিণ দিকে অগ্রসর হচ্ছে খুবই ধীরে-ধীরে। যে কারণে কিশোরগঞ্জ, ব্রাক্ষণবাড়িয়া, হবিগঞ্জ, মৌলভীবাজার, কুমিল্লা ও ফেনী জেলায় আজ ২০০ মিলিমিটারের বেশি বৃষ্টিপাতের আশঙ্কা করা যাচ্ছে।