logo

শীত নিয়ে নতুন বার্তা

শীত নিয়ে নতুন বার্তা
কুয়াশা পড়ছে। ছবি: বাসস

মৌসুমি বায়ু বিদায় নেওয়ায় দেশে বৃষ্টির প্রবণতাও অনেকটা কমেছে। এরই মধ্যে পঞ্চগড়, ঠাকুরগাঁওসহ দেশের উত্তরাঞ্চলের কয়েকটি জেলায় শীতের আগমনি হাওয়া বইছে। এ অবস্থায় আগামী নভেম্বরের তৃতীয় সপ্তাহ থেকে ঢাকাসহ দেশের অধিকাংশ এলাকায় শীতের অনুভূতি বাড়তে পারে।

শুক্রবার (১৬ অক্টোবর) এ তথ্য জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক।

আবুল কালাম মল্লিক বলেন, ‘তাপমাত্রার ওঠানামার কারণে দেশের বিভিন্ন অঞ্চলে আবহাওয়ার অনুভূতিতে ভিন্নতা দেখা দিতে পারে। দিনে গরম অনুভূত হলেও সকাল ও রাতে তুলনামূলক শীতল আবহাওয়া বিরাজ করতে পারে।’

এ আবহাওয়াবিদের মতে, নভেম্বরের মাঝামাঝি হালকা শীত অনুভূত হতে পারে। তবে ডিসেম্বর থেকে শীতের প্রকোপ বাড়বে। এ ছাড়া এল নিনোর প্রভাবে এবার শীতের অনুভূতি তুলনামূলক কম থাকতে পারে।

বিগত কয়েক বছরের আবহাওয়ার ধরন বিশ্লেষণ করে আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক জানান, এবার ফেব্রুয়ারি মাস পর্যন্ত শীতের প্রভাব থাকতে পারে। এ সময়ে রাজধানী ঢাকার তাপমাত্রা ১১-১৩ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসার সম্ভাবনা রয়েছে। ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ের পর থেকে দিনের তাপমাত্রা আবার বাড়তে শুরু করতে পারে।

সব মিলিয়ে, অক্টোবরের শেষভাগে শীতের প্রাথমিক অনুভূতি পাওয়া গেলেও নভেম্বরের দ্বিতীয়ার্ধ থেকে শীতের আমেজ বাড়তে পারে। আর ডিসেম্বর মাসে দেশের বিভিন্ন অঞ্চলে শীতের প্রকোপ স্পষ্ট হয়ে উঠতে পারে।