তাপমাত্রা আরও বাড়বে, বৃষ্টি আগামী সপ্তাহে

সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা ক্রমান্বয়ে বাড়তে পারে। তবে, আগামী সপ্তাহে চার বিভাগে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
বৃহস্পতিবার (৫ মার্চ) সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এ অবস্থায় বৃহস্পতিবার থেকে রোববার পর্যন্ত অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা ক্রমান্বয়ে কিছুটা বাড়তে পারে। মাঝে মাঝে আবার অপরিবর্তিতও থাকতে পারে।
এ ছাড়া সোমবার (৯ মার্চ) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকলেও রাতের সামান্য বাড়তে পারে।
বর্ধিত পাঁচ দিনে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির প্রবণতা রয়েছে বলেও আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়।