logo

রাতে ঢাকায় বৃষ্টি হবে কি না, জানাল আবহাওয়া অধিদপ্তর

রাতে ঢাকায় বৃষ্টি হবে কি না, জানাল আবহাওয়া অধিদপ্তর

ঢাকা ও এর আশপাশের এলাকায় রাতে বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। সোমবার (২৭ এপ্রিল) সন্ধ্যা সাতটা থেকে পরবর্তী ছয় ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

পূর্বাভাসে বলা হয়, এ সময় ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে। পাশাপাশি বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে এবং অস্থায়ীভাবে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো বাতাস বয়ে যেতে পারে।

এদিকে সন্ধ্যা ৬টায় ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৭ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৭৮ শতাংশ।

আজকের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৮ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২১ ডিগ্রি সেলসিয়াস।

এদিকে আবহাওয়ার আরেক পূর্বাভাসে বলা হয়েছে, মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল ৯টার মধ্যে রংপুর, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায়; রাজশাহী ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় বজ্রবৃষ্টি হতে পারে।

এ ছাড়া রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী বর্ষণ হতে পারে বলেও বিজ্ঞপ্তিতে বলা হয়।