logo

আজই ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে গভীর নিম্নচাপ, জানা গেল আঘাতের সম্ভাব্য সময়

আজই ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে গভীর নিম্নচাপ, জানা গেল আঘাতের সম্ভাব্য সময়
বঙ্গোপসাগরে অবস্থানরত গভীর নিম্নচাপটি আরও পশ্চিম দিকে অগ্রসর হয়ে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। ছবি: উইন্ডি ডটকম থেকে নেওয়া স্ক্রিনশর্ট

পূর্বমধ্য বঙ্গোপসাগরে অবস্থানরত গভীর নিম্নচাপটি আরও পশ্চিম দিকে অগ্রসর হয়ে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। পরে শক্তি বাড়িয়ে অতি প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে আগামী ২৮ অক্টোবর ভারতের অন্ধ্র উপকূল অতিক্রম করার আশঙ্কা রয়েছে।

সোমবার (২৬ অক্টোবর) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের বিশেষ বিজ্ঞপ্তিতে (ক্রমিক নম্বর-৫) এ তথ্য জানানো হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানায়, সোমবার গভীর নিম্নচাপটি ১৫ ডিগ্রি উত্তর অক্ষাংশ ও ৮৯ দশমিক ৮ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে অবস্থান করছিল। গত মধ্যরাতে এটি চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৮০০ কিলোমিটার, কক্সবাজার থেকে ৭৫৫ কিলোমিটার, মোংলা থেকে ৮০০ কিলোমিটার এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ৭৮০ কিলোমিটার দক্ষিণে ছিল।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গভীর নিম্নচাপটি পশ্চিম দিকে অগ্রসর হয়ে আজই পূর্বমধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এলাকায় ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। এরপর এটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে এগিয়ে শক্তিশালী হয়ে অতি প্রবল ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে।

এদিকে গভীর নিম্নচাপের কেন্দ্রের ৪৮ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৫০ কিলোমিটার। দমকা বা ঝোড়ো হাওয়ার আকারে তা ঘণ্টায় ৬০ কিলোমিটার পর্যন্ত বাড়ছে। কেন্দ্রের আশপাশের সাগর খুবই উত্তাল রয়েছে।

এ পরিস্থিতিতে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ১ নম্বর দূরবর্তী সতর্কসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। পাশাপাশি উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচলের পরামর্শ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।